খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট দলে মালিক

পাঁচ বছর পর পাকিস্তান টেস্ট দলে ফিরলেন শোয়েব মালিক। কাল ইংল্যান্ড সিরিজের জন্য পাকিস্তান টেস্ট দলের ১৬তম সদস্য হিসেবে নেওয়া হয়েছে এই অলরাউন্ডারকে। সীমিত ওভারের ক্রিকেটে সাম্প্রতিক ফর্ম ও অলরাউন্ড সামর্থ্যের কথা মাথায় রেখেই মালিককে দলে নিতে নির্বাচকদের অনুরোধ করেছিলেন ম্যানেজার ইন্তিখাব আলম ও কোচ ওয়াকার ইউনিস। ৩৩ বছর বয়সী শোয়েব মালিক ৩২ টেস্টের সর্বশেষটি খেলেছেন ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে। প্রায় দুই বছর বাইরে থাকার পর এ বছরই ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ক্রিকইনফো। 

পুরস্কারটা অন্য কারও কাছে গেলেই সেটা মহাবিস্ময়ের হতো। আরও একবার ওয়েলসের বর্ষসেরা ফুটবলার হয়ে গ্যারেথ বেল একটা রেকর্ডই গড়ে ফেলেছেন। আর কোনো ওয়েলস ফুটবলারের, এমনকি রায়ান গিগসেরও পাঁচবার এই পুরস্কার জেতার কীর্তি নেই। দেশের হয়ে রিয়াল উইঙ্গারের সময়টাও দারুণ কাটছে। ইউরো বাছাইপর্বে করেছেন ৬ গোল, করিয়েছেন ২টি। ৫৮ বছর পর প্রথমবারের মতো বড় কোনো আসর খেলার একদম কাছাকাছি চলে গেছে ওয়েলস। এএফপি।

ক্রীড়া প্রতিবেদক l ঢাকায় আসতে চায় যুক্তরাষ্ট্রের ক্লাব দল অ্যাম্বাসেডর এফসি। বাফুফের কাছে তারা চিঠি পাঠিয়ে ডিসেম্বরে ঢাকায় দুটি ম্যাচ খেলার ইচ্ছে প্রকাশ করেছে। একটি ম্যাচ জাতীয় দল, আরেকটি প্রিমিয়ারের অন্য কোনো দলের সঙ্গে। ম্যাচ খেলার পাশাপাশি জেলার কোচদের জন্য তিন দিনের একটা কোচেস কোর্সও করার আগ্রহ দেখিয়েছে। স্কুল ও এতিমখানায় চ্যারিটি কাজেও অংশ নিতে চায়। বাফুফে বিষয়টি বিবেচনায় রেখেছে।