খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ জিম্বাবুয়ের
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে এসেছিল রুদ্ধশ্বাস জয়। কাল হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে ৯ বল হাতে রেখে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে জিম্বাবুয়ে। প্রায় দুই বছর পর ঘরের মাঠে সিরিজ জিতল এলটন চিগুম্বুরার দল। ১২২ বলে ১০১ রান করে জিম্বাবুয়ের জয় নিশ্চিত করেছেন ক্রেগ আরভিন। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন মিডিয়াম পেসার কেভিন ও’ব্রায়েন। প্রথমে ব্যাট করতে নেমে পল স্টার্লিং, নিয়াল ও’ব্রায়েন ও গ্যারি উইলসনের ফিফটিতে ৭ উইকেটে ২৬৮ রান করেছিল আইরিশরা। আগামীকাল সিরিজের শেষ ম্যাচটি হবে হারারেতেই। ক্রিকইনফো।
জেতালেন দ্রগবা
বয়স ৩৭ পেরিয়ে গেছে। কিন্তু এখনো গোল করে চলেছেন দিদিয়ের দ্রগবা। পরশু ৩০ গজ দূর থেকে ফ্রি-কিকে করা এই আইভরিয়ান স্ট্রাইকারের একমাত্র গোলেই মেজর লিগ সকারে কলোরাডো র্যা পিডসকে হারিয়েছে মন্ট্রিয়ল। মন্ট্রিয়লের হয়ে এ পর্যন্ত ৯টি ম্যাচ খেলে ৯ গোল করেছেন দ্রগবা। গত সপ্তাহেই মেজর লিগ সকারে গত মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন। রয়টার্স।
জোকোভিচের ষষ্ঠ
চীনা ওপেনে পাঁচবারের চ্যাম্পিয়ন। তার ওপর নোভাক জোকোভিচ ছিলেন দুর্দান্ত ফর্মে। বেইজিংয়ের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে রাফায়েল নাদালকে পেলেও তাই সার্বিয়ান তারকাই ছিলেন ফেবারিট। চ্যাম্পিয়নের মতোই খেললেন জোকোভিচ। ৬-২, ৬-২ গেমে নাদালকে হারিয়ে জিতলেন চীনা ওপেনের ষষ্ঠ শিরোপা। এর আগে বেইজিংয়ের এই টুর্নামেন্ট জিতেছিলেন ২০০৯, ২০১০, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে। এএফপি।