খেলার খুচরো
মরিনহোর শাস্তি
দুর্দশা পিছু ছাড়ছে না হোসে মরিনহোর। মাঠে চেলসির হতশ্রী পারফরম্যান্স তো আছেই, ক্লাবের চিকিৎসক ইভা কার্নেইরোর সঙ্গে বিবাদে জড়িয়ে ডেকে এনেছিলেন বাড়তি চাপও। সাউদাম্পটনের ম্যাচের পর রেফারিদের নিয়ে বেফাঁস মন্তব্য করে সেই চাপ বাড়িয়ে নিয়েছেন আরও। ওই ম্যাচে ৩-১ গোলের হারের পর মরিনহো বলেছিলেন, রেফারিরা নাকি চেলসির পক্ষে পেনাল্টি দিতে ভয় পায়। এতেই চটেছে ইংলিশ ফুটবল ফেডারেশন। চেলসি কোচকে জরিমানা করেছে ৫০ হাজার পাউন্ড, সঙ্গে এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞাও আছে। আগামী ১২ মাসের মধ্যে আবার এমন কিছু করলে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। রয়টার্স।
তুরানের জন্য
আগামী জানুয়ারিতে দলবদলের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই আর্দা তুরানকে খেলাতে চায় বার্সেলোনা। এ ব্যাপারে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আবেদন করতে যাচ্ছে ক্লাবটি। গত মাসে রাফিনহার চোটের পরই স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও ফিফার কাছে তুরানকে নিবন্ধন করার বিষয়ে আবেদন করেছিল বার্সা। তিন দফা আবেদন করেও ফিফার সাড়া না পেয়ে এখন ক্রীড়া আদালতে যাচ্ছে কাতালানরা। এর আগে আজ ফিফার আপিল কমিটির কাছে আবেদন করবে বার্সা। ফিফার নিয়মানুযায়ী চোট বা কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে দলবদল মৌসুমের বাইরেও খেলোয়াড় নিবন্ধন করানো যায়। মেসি, ইনিয়েস্তা ও রাফিনহার চোটের কারণে বার্সেলোনায় মিডফিল্ডার ও স্ট্রাইকার মিলিয়ে নিয়মিত খেলোয়াড় আছেন মাত্র সাতজন। রয়টার্স।
পিস্টোরিয়াসের ‘মুক্তি’
পাঁচ বছরের কারাদণ্ডের এক বছর পার করে ফেলেছেন। তবে আর কারাগারে থাকতে হচ্ছে না অস্কার পিস্টোরিয়াসকে, সামনের সপ্তাহেই প্যারোলে মুক্তি পেতে যাচ্ছেন ‘ব্লেড রানার’। বাকি চার বছর গৃহবন্দী হয়ে থাকতে হবে পিস্টোরিয়াসকে। ২০১৩ সালে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে খুনের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন পিস্টোরিয়াস। এরপর বিচার প্রক্রিয়া শেষে গত বছর দক্ষিণ আফ্রিকার এই অলিম্পিয়ানের পাঁচ বছর কারাদণ্ড হয়। স্টিনক্যাম্পের পরিবার অবশ্য পিস্টোরিয়াসের প্যারোলে মুক্তির বিরোধিতা করছে। তবে পিস্টোরিয়াসের আইনজীবীরা এখনো এটা নিয়ে কিছু বলেননি। এএফপি।
কোম্যানের ‘না’
লুইস ফন গালের উত্তরসূরি হিসেবে অনেকেই ভেবেছিলেন রোনাল্ড কোম্যানকে। কিন্তু এসেছেন গাস হিডিঙ্ক, বিদায়ও নিয়েছেন। ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে হল্যান্ডকে ইউরোতে নিয়ে যেতে পারেননি ড্যানি ব্লিন্ডও। এবার কি কোম্যানকে হল্যান্ডের পরবর্তী কোচ হিসেবে দেখা যাবে? এই মুহূর্তে ইংলিশ ক্লাব সাউদাম্পটনের কোচ কোম্যান। বার্সেলোনার সাবেক এই ডাচ মিডফিল্ডার বলে দিলেন আগামী এক বছরের মধ্যে সে সম্ভাবনা কম, ‘এক মাস আগেও এই প্রশ্ন শুনেছি। এই মুহূর্তে আমি সাউদাম্পটনের কোচ। এক বছরের মধ্যে এখানেই থাকব আমি।’ গোলডটকম।