খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল নাসেরে ক্যানাভারো
ফুটবলার হিসেবে বিশ্বকাপ জিতেছেন। জিতেছেন ফিফা বর্ষসেরা পুরস্কার। কিন্তু কোচ হিসেবে কোথাও থিতু হতে পারছেন না ফ্যাবিও ক্যানাভারো। ২০১৩ সালে আমিরাতের ক্লাব আল আহলি ক্লাবের সহকারী কোচ হিসেবে ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করেছিলেন ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক। এক বছর পরই কোচের দায়িত্ব নিয়েছিলেন চীনের গুয়াংজু এভারগ্রান্ডের। মাত্র সাত মাস পর এভারগ্রান্ডে ছেড়ে দেওয়া ক্যানাভারো এবার যোগ দিলেন সৌদি আরবের আল নাসেরে। আপাতত চুক্তিটা চলতি মৌসুম পর্যন্ত। আইএএনএস।
ফিরলেন হিগুয়েইন
বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম দুটি ম্যাচের আর্জেন্টিনা দল থেকে বাদ পড়েছিলেন। মেসি ও আগুয়েরোর চোট না থাকলে হয়তো দলের বাইরেই থাকতে হতো। দুই তারকা স্ট্রাইকারের অনুপস্থিতিতে গঞ্জালো হিগুয়েইনের শরণ নিলেন আর্জেন্টিনার দলের কোচ জেরার্ডো মার্টিনো। বিশ্বকাপ বাছাইপর্বে ১২ ও ১৭ নভেম্বর ব্রাজিল ও কলাম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ফিরিয়ে আনলেন নাপোলি স্ট্রাইকারকে। মেসিকে ছাড়া বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের কাছে হেরেছে (০-২) আর্জেন্টিনা, গোলশূন্য ড্র করেছিল প্যারাগুয়ের বিপক্ষে। রয়টার্স।
চলে গেলেন উইলিয়ামস
ওয়েস্ট ইন্ডিজের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা বিদ্রোহী ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটে যোগ দেওয়ায় টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন। সেঞ্চুরি দিয়েই টেস্ট অভিষেক বাসিল উইলিয়ামসের। ১৯৭৮ সালে জর্জটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৮ বলে সেঞ্চুরি দিয়ে শুরু করার পরও ক্যারিবীয় ওপেনারের টেস্ট ক্যারিয়ারের ব্যাপ্তি ছিল মাত্র ৭ টেস্ট। ৩৯.০৮ গড়ে ৪৬৯ রান করা সেই বাসিল উইলিয়ামস গত শনিবার ৬৫ বছর বয়সে চলে গেছেন না-ফেরার দেশে। ক্রিকইনফো।