খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্নারের বদলি খাজা
সন্তানসম্ভবা স্ত্রী ক্যান্ডিসকে সময় দেওয়ার জন্য অস্ট্রেলিয়া দল ছেড়ে সিডনিতে ছুটে গেছেন ডেভিড ওয়ার্নার। ভারতের বিপক্ষে চলতি সিরিজের পরের দুটি ওয়ানডেতে তিনি খেলছেন না। ১৫ ও ১৭ জানুয়ারি ব্রিসবেন ও মেলবোর্নের এই দুই ম্যাচের জন্য তাঁর বদলি হিসেবে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন উসমান খাজা। পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান ১৩টি টেস্ট খেললেও ওয়ানডে খেলেছেন মাত্র ৩টি, সর্বশেষ ওয়ানডেটি তিন বছর আগে। এএফপি।

সেরা দশে দুই আফগান
৬৭ বলে ১১৮ রান। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে দুর্দান্ত এই ইনিংসটির পুরস্কার ‘নগদে’ই পেলেন মোহাম্মদ শাহজাদ। ১২ ধাপ উঠে টি-টোয়েন্টি ব্যাটিং র্যা ঙ্কিংয়ের সেরা দশের আট নম্বরে জায়গা করে নিয়েছেন এই আফগান। বোলিংয়ের সেরা দশেও উঠে এসেছেন তাঁরই এক সতীর্থ—দওলত জাদরান। জিম্বাবুয়ের বিপক্ষে ২টি টি-টোয়েন্টি ৫ উইকেট ডানহাতি এই পেসারের অবস্থানও অষ্টম। ক্রিকইনফো।

বরখাস্ত ভালকে
২০১৪ বিশ্বকাপের টিকিট কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল জেরম ভালকের। গত সেপ্টেম্বরে সেই অনিয়মের তদন্ত শুরু হওয়ার পর থেকেই ফিফার সাবেক মহাসচিব ফিফার কার্যক্রম থেকে নিষিদ্ধ ছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে তাঁকে চাকরিচ্যুতই করা হলো। ৯ জানুয়ারি ফিফার জরুরি কমিটি ভালকেকে বরখাস্তের সিদ্ধান্ত নিলেও সেটি সংস্থার এক বিবৃতিতে জানানো হয়েছে গতকাল। ব্রাজিল বিশ্বকাপের টিকিট নিয়ে অনিয়ম ছাড়াও সাবেক ক্যারিবিয়ান ফুটবলপ্রধান জ্যাক ওয়ার্নারকে ১ কোটি ডলার ঘুষ দেওয়ার সঙ্গেও সাবেক মহাসচিবের সংশ্লিষ্টতা আছে বলে অভিযোগ। এএফপি।

গার্সিয়া বরখাস্ত
একটা সময় সিরি ‘আ’র পয়েন্ট তালিকার শীর্ষেই ছিল রোমা। কিন্তু এখন পয়েন্ট তালিকায় দলটির অবস্থান পাঁচে। শেষ দুই ম্যাচে শিয়েভো ও এসি মিলানের সঙ্গে ড্র করেছে ৩-৩ ও ১-১ গোলে। আর গত মাসেই সিরি ‘বি’র দল স্পেসিয়ার কাছে হেরে বিদায় নেয় লিগ কাপ থেকে। অবশেষে এই ব্যর্থতার মাশুল দিতে হলো কোচ রুডি গার্সিয়াকে। বরখাস্ত হলেন ৫১ বছর বয়সী কোচ। রয়টার্স।