খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরে দুই আইপিএল
জনপ্রিয় এক চকলেটের বিজ্ঞাপনে প্রশ্ন করা হয়, ‘আরে ছেলে, মনে কি লাড্ডু ফুটছে?’ এক প্যাকেটে দুটি চকলেটের ওই বিজ্ঞাপন সম্ভবত ভালোই মনে ধরেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। ৯ মৌসুম হয়ে গেল, প্রতিবছর ঘটা করে এপ্রিল-মে মাসজুড়ে আইপিএলের আসর বসছে। এবার থেকে সেপ্টেম্বরে হবে আরেকটি ‘মিনি আইপিএল’! আইপিএলের এ আসরগুলো হবে ভারতের বাইরে। এ জন্য টুর্নামেন্টটিকে বলা হচ্ছে, ‘আইপিএল ওভারসিজ’! কাল ধর্মশালায় আইপিএলের পরিচালনা বোর্ডের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তবে কবে হবে, কী ফরম্যাট—সেটি এখনো চূড়ান্ত হয়নি। ক্রিকইনফো।
লয়েডের জায়গায় ব্রাউন
ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাচক। এই দায়িত্ব ছেড়ে ক্লাইভ লয়েড ১ অক্টোবর থেকে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বিশেষ শুভেচ্ছাদূত হিসেবে। প্রধান নির্বাচকের পদে তাঁর উত্তরসূরি হিসেবে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি) নিয়োগ দিয়েছে ২০টি টেস্ট ও ৪৬টি ওয়ানডে খেলা উইকেটকিপার-ব্যাটসম্যান কোর্টনি ব্রাউনকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক লয়েডের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিরই সদস্য ছিলেন ব্রাউন। রয়টার্স।
উইম্বলডনে নেই আজারেঙ্কা
চোট উইম্বলডনে খেলতে দিচ্ছে না ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। ২০১২ ও ২০১৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী বেলারুশের এই প্রতিযোগী গতকাল নাম প্রত্যাহার করে নিয়েছেন ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লাম থেকে। পুরোনো হাঁটুর চোট হঠাৎই বেড়ে যাওয়ায় গত ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয় তাঁকে। এবার সরে দাঁড়াতে হলো উইম্বলডনের আগেই। মেয়েদের টেনিসের ছয় নম্বর আজারেঙ্কার রিও অলিম্পিকে অংশ নেওয়াটাও এখন অনিশ্চিত। এএফপি।