খেলার খুচরো
বার্সার রেকর্ড আয়
চ্যাম্পিয়নস লিগে আগেভাগে বাদ পড়লেও স্প্যানিশ লিগ ও কাপ দুটিই জিতেছে বার্সেলোনা। মাঠের পারফরম্যান্সটা অনূদিত হয়েছে কাতালান ক্লাবটির বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদনেও। এমনই যে, প্রাথমিক বাজেটে ধরে রাখা আয়ের পরিমাণও ছাড়িয়ে গেছে। পরশু বার্সা জানিয়েছে, মাত্র শেষ হওয়া মৌসুমে তাদের আয় প্রায় ৬৮ কোটি ইউরো। আগামী মৌসুমে এই আয় ১০০ কোটির ওপরে নেওয়ার পরিকল্পনা বার্সেলোনার। প্রধান জার্সি স্পনসর কাতার এয়ারওয়েজের সঙ্গে গত সপ্তাহেই আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বার্সা, যেখান থেকে দলটি পাবে সাড়ে তিন কোটি ইউরো। স্কাইস্পোর্টস।
চল্লিশে আফ্রিকার সাত?
প্রতিশ্রুতিটা তাঁর নির্বাচনী ইশতেহারেই ছিল। ফিফা বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪০ করতে চান জিয়ান্নি ইনফান্তিনো। নতুন করে কথাটা আবার বললেন ফিফার নতুন সভাপতি, এবার আরেকটু বিস্তারিতভাবে। আফ্রিকার জন্য বাড়তি দুটি জায়গা রাখতে চান। বর্তমানে ৩২ দলের মধ্যে আফ্রিকা থেকে সর্বোচ্চ ৫টি দল আসতে পারে বিশ্বকাপে। কিন্তু এবার নাইজেরিয়া সফরে গিয়ে ইনফান্তিনো বলেছেন, ‘২০১৮ ও ২০২২ বিশ্বকাপ তো চূড়ান্ত হয়ে গেছে, তবে আমার মনে হয় ২০২৬ বিশ্বকাপে ৪০টি দল থাকা উচিত। আর নতুন ৮ দলের মধ্যে আফ্রিকার জন্য কমপক্ষে দুটি জায়গা থাকা উচিত।’ রয়টার্স।
হিগুয়েইন জুভেন্টাসে
নাপোলির সমর্থকদের এত রাগ, ক্ষোভ কাজে এল না। হিগুয়েইন জুভেন্টাসে যাচ্ছেন শোনার পর থেকেই আর্জেন্টাইন স্ট্রাইকারের জার্সি পোড়ান নাপোলি সমর্থকেরা, তাঁকে বিশ্বাসঘাতকও বলেছিলেন। কিন্তু এত দিন ধরে চলে আসা গুঞ্জন সত্যি প্রমাণিত করে জুভেন্টাসেই যোগ দিলেন গঞ্জালো হিগুয়েইন। দলবদল ফি চমকে দেওয়ার মতোই—৯৪ মিলিয়ন ইউরো! গ্যারেথ বেল ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর আপাতত বিশ্বের তৃতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় ২৮ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার। অবশ্য গত মৌসুমে নাপোলির হয়ে তাঁর ফর্মও ছিল দুর্দান্ত। ইতালিয়ান সিরি ‘আ’-তে ৩৬ গোল করে ভেঙে দিয়েছেন গুনার নর্ডালের ৬৬ বছরের পুরোনো রেকর্ড। স্কাই স্পোর্টস।