খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও জোকোভিচ
সময়টা ভালো যাচ্ছে না নোভাক জোকোভিচের। সপ্তাহ খানেক আগে টরন্টোয় রজার্স কাপের তৃতীয় রাউন্ডে হেরেছিলেন। এবার হেরে গেলেন সিনসিনাটি মাস্টার্সের তৃতীয় রাউন্ডে। ৭-৬(৮/৬),৭-৫ গেমে টেনিসের এক নম্বর এবং শীর্ষ বাছাই জোকোভিচ হেরেছেন স্পেনের ষোড়শ বাছাই টনি রব্রেডোর কাছে। জোকোভিচ হারলেও জিতেছেন দ্বিতীয় বাছাই এবং সিনসিনাটি মাস্টার্সে পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার। ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে হারিয়েছেন ফ্রান্সের গায়েল মনফিলসকে। এএফপি।
২০১৯ পর্যন্ত আগুয়েরো
২০১১ থেকে আছেন ম্যানচেস্টার সিটিতে। সার্জিও আগুয়েরোকে ম্যানচেস্টারের ক্লাবটিতে দেখা যাবে ২০১৯ পর্যন্ত। পরশু আরও পাঁচ বছরের জন্য ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। গত তিন বছরে দুবার ম্যান সিটিকে লিগ জেতাতে বড় ভূমিকা রেখেছেন আগুয়েরো। ম্যান সিটির হয়ে ১২২ ম্যাচে ৭৫ গোল করা আগুয়েরো চুক্তি নবায়নের পর বলেছেন, ‘শুধু দুটি লিগ শিরোপা জিতেই সন্তুষ্ট থাকতে চাই না, আমি আরও অনেক শিরোপা জিততে চাই।’ এএফপি, রয়টার্স।
রিবেরিকে অনুরোধ
অনেকের কাছেই ফ্রাঙ্ক রিবেরির অবসরের ঘোষণাটা অপ্রত্যাশিত হয়েই এসেছে। জাতীয় দলের অপরিহার্য উইঙ্গার। বয়সও খুব একটা বেশি নয়, ৩১। এই বয়সেই জাতীয় দল থেকে অবসর! রিবেরির সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রায়েত। রিবেরিকে অনুরোধ জানিয়েছেন সিদ্ধান্ত পুনর্বিবেচনার। নোয়েলের বিশ্বাস, ‘ফ্রেঞ্চ দলটাকে ভালোবাসে রিবেরি। ভালোবাসে “ব্লু” জার্সিও....আমার বিশ্বাস সে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।’ রয়টার্স।
জিম্বাবুয়ের নতুন মুখ
বয়স মাত্র ১৯। লিস্ট এ ম্যাচই খেলেছেন মাত্র ৮টি। কিন্তু অনভিজ্ঞতা জিম্বাবুয়ের ওয়ানডে দলে জায়গা করে নিতে সমস্যা হলো না অলরাউন্ডার লুক জঙ্গুয়ের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জিম্বাবুয়ে দলে ডাক পেয়েছেন তরুণ এই অলরাউন্ডার। গত মাসে জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়ে আফগানিস্তানের বিপক্ষে ভালো করেছিলেন জঙ্গুয়ে। ডাক পাওয়াটা সেই সাফল্যেরই পুরস্কার। এদিকে চোটের কারণে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ফাস্ট বোলার বিউরান হেনড্রিকস। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের ৩টি ম্যাচ হবে ১৭, ১৯ ও ২১ আগস্ট। রয়টার্স।