খেলার খুচরো
হ্যাটট্রিকে শুরু লেভার
গত মৌসুমে শুরুর দিকে রোনালদো-মেসির চেয়েও গোলে এগিয়ে ছিলেন রবার্ট লেভানডফস্কি। শেষ পর্যন্ত ৩২ ম্যাচে ৩০ গোল নিয়ে বুন্দেসলিগা শেষ করেছিলেন। এবারও মৌসুমের শুরুটা দুর্দান্ত হলো বায়ার্ন মিউনিখ স্ট্রাইকারের। লিগে বায়ার্নের প্রথম ম্যাচেই ভেরডার ব্রেমেনের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লেভা। সঙ্গে জাবি আলোনসো, ফিলিপ লাম ও ফ্রাঙ্ক রিবেরির আরও একটি করে গোল মিলিয়ে বায়ার্ন ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রেমেনকে। আলিয়াঞ্জ অ্যারেনায় পরশু এই ম্যাচ দিয়েই বুন্দেসলিগায় অভিষেক হলো বায়ার্নের নতুন কোচ কার্লো আনচেলত্তির। এমন জয়ে উচ্ছ্বসিত আনচেলত্তি, ‘আমার আসলে কিছুই বদলাতে হয়নি। বায়ার্ন এমনিতেই খুব শক্তিশালী দল।’ রয়টার্স।
ভারতের লক্ষ্য
অলিম্পিকে যাওয়ার আগে লক্ষ্য ছিল অন্তত ১০টি পদক। কিন্তু ভারত রিও থেকে ফিরেছে মাত্র ২টি পদক হাতে। অথচ এবার অলিম্পিকে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় দল পাঠিয়েছে ভারত। শুধু এবারই নয়, এখন পর্যন্ত ২৪টি অলিম্পিকে অংশ নিয়ে মাত্র ২৮টি পদক জিতেছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি। পরের তিনটি অলিম্পিকে যাতে পদক সংখ্যা বাড়ানো যায় সে জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই টাস্কফোর্সের কাজ হবে ২০২০, ২০২৪ ও ২০২৮ অলিম্পিককে সামনে রেখে ভারতীয় অ্যাথলেটদের অনুশীলনের সুবিধা ও সামর্থ্য বাড়ানো। কয়েক দিনের মধ্যেই এই টাস্কফোর্স গঠন করা হবে বলে জানানো হয়েছে এক বিবৃতিতে। এএফপি।
নারাজ খুলিত
কথা ছিল হল্যান্ড দলের সহকারী কোচ হবেন। প্রধান কোচ ড্যানি ব্লিন্ড ও ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে এ রকম একটা মৌখিক চুক্তিও হয়েছিল রুদ খুলিতের। কিন্তু এখন আর সেই দায়িত্ব নিচ্ছেন না কিংবদন্তি ডাচ ফরোয়ার্ড। ভেস্তে গেছে সেই মৌখিক চুক্তি। কেন? ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টর হানস ফন ব্রেওকেলেনের দাবি, ব্লিন্ডের মেয়াদ শেষ হওয়ার পর কোচ হওয়ার নিশ্চয়তা চেয়েছিলেন খুলিত। অবশ্য খুলিত বলেছেন অন্য কথা। তাঁর দাবি, তিনি কোচ হওয়ার নিশ্চয়তা চাননি। চেয়েছিলেন ব্লিন্ড চলে যাওয়ার পর যাতে তিনি নতুন কোনো পদের জন্য আবেদন করতে পারেন, সেই নিশ্চয়তা। সেটি ব্লিন্ডের পদে হতে পারে, আবার অন্য কোনো পদেও হতে পারে। ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন নাকি তাঁকে সেই নিশ্চয়তা দিতে রাজি হয়নি! রয়টার্স।