খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসবাহই অধিনায়ক!
নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও টেস্ট সিরিজে ধবলধোলাই। পাকিস্তান দলের টানা ব্যর্থতায় দেশটির সাবেক ক্রিকেটারদের অনেকেই অবসরের পরামর্শ দিয়েছিলেন মিসবাহ-উল-হককে। অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথে
জাতীয় দল ছাড়ার ইঙ্গিত দিয়েও সিরিজ শেষে সিদ্ধান্ত পরিবর্তন করেন মিসবাহ। নিজের ভাগ্য পিসিবির হাতে ছেড়ে দিয়ে টেস্ট খেলতে চান আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও। ২২ এপ্রিল শুরু টেস্ট সিরিজে ৪২ বছর বয়সী মিসবাহই নেতৃত্ব দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান, ‘ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে বলে আমাকে জানিয়েছে মিসবাহ। সে যে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছে, এটা জানিয়ে দেওয়া হবে নির্বাচকদের।’ এএফপি।
অশ্বিনের রেকর্ড
টেস্ট ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি বল করার রেকর্ডটি অনিল কুম্বলের ছিল এক দশকেরও ওপরে। সেই রেকর্ডটিই ‘গুরু’র কাছ থেকে ছিনিয়ে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ২০১৬-১৭ মৌসুমে তিনি মোট বল করেছেন ৩ হাজার ৭৪৯টি। ২০০৪-০৫ মৌসুমে ৩ হাজার ৬৭৩টি বল করেছিলেন কুম্বলে। কুম্বলে ১১ টেস্ট ও ২২ ইনিংসে রেকর্ডটি গড়েছিলেন। অশ্বিনও ১১টি টেস্টই খেলেছেন, তবে বোলিং করেছেন এক ইনিংস কম। বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে মোট ৪৯ ওভার বল করেছেন অশ্বিন। ক্রিকেট অস্ট্রেলিয়া।