খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোর্ডের পদত্যাগ

২০১২ থেকে ২০১৪—প্রথম মেয়াদের দুই বছরের তুলনায় এবার কাজটা একটু কঠিন ছিল গ্রাহাম ফোর্ডের। কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, তিলকরত্নে দিলশানের মতো তারকারা বিদায় নিয়েছেন। প্রায় নতুন একটি দলকে গড়ে তোলার মিশন নিয়েই গত বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের মতো শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিয়েছিলেন। ৪৫ মাসের চুক্তি শেষ হওয়ার কথা ছিল ২০১৯ বিশ্বকাপের পর। তবে সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বাদ পড়াটা মেনে নিতে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট। বোর্ডের বোঝাপড়া শেষেই কাল পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার এই কোচ। এএফপি।

ভারতকে থামাল বৃষ্টি

চ্যাম্পিয়নস ট্রফির দুর্দান্ত ফর্মটা ক্যারিবিয়ানেও নিয়ে গেছেন শিখর ধাওয়ান। এই ওপেনারের ৮৭ আর অজিঙ্কা রাহানের ৬২ রানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বেশ ভালো জায়গায় ছিল ভারত। পোর্ট অব স্পেনে শেষ পর্যন্ত ভারতকে থামিয়ে দিয়েছে বৃষ্টি। দুই দফা বৃষ্টির পর খেলা পরিত্যক্ত হয়ে যায়। এর আগে ৩৯.২ ওভারে ৩ উইকেটে ১৯৯ রান করেছিল বিরাট কোহলির দল। কোহলি ৩২ ও মহেন্দ্র সিং ধোনি ৯ রান নিয়ে ব্যাট করছিলেন। একই ভেন্যুতে পাঁচ ওয়ানডের দ্বিতীয় ম্যাচটি আজ। এএফপি।

আরবেলোয়ার অবসর

 চুক্তিটা ছিল এক বছরের। কিন্তু ওয়েস্ট হাম আলভারো আরবেলোয়া সুযোগ দিয়েছে মাত্র চারটি ম্যাচে! নিজেই হয়তো বুঝতে পারছিলেন, আর হচ্ছে না। গতকাল ফুটবল থেকেই অবসর নিয়ে নিলেন ৩৪ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার। রিয়াল মাদ্রিদের হয়ে লিগ ও দুটি চ্যাম্পিয়নস লিগ, স্পেনের হয়ে বিশ্বকাপ ও দুটি ইউরোজয়ী ডিফেন্ডার ঘোষণাটা দিয়েছেন এভাবে, ‘বিদায় বলার সময় হয়ে গেছে। তবে শারীরিকভাবে এখনো খেলা চালিয়ে যাওয়ার অবস্থায় আছি।’ অবসরের পর যেকোনো ভূমিকায় ফিরতে চান নিজের শেকড় রিয়ালেই। গোলডটকম।