খেলার খুচরো
ফিকার সভাপতি সোলাঙ্কি
২০০০-২০০৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৫১টি ওয়ানডে খেলা বিক্রম সোলাঙ্কির নামটা স্মৃতির অতলে হারিয়েই যেতে বসেছিল। এত দিন পর ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটারকে মনে করিয়ে দিয়েছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনস (ফিকা)। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জিমি অ্যাডামসের জায়গায় তাঁকে সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছে ফিকা। ফিকার লম্বা সময়ের সভাপতি অ্যাডামস ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের ক্রিকেট পরিচালকের দায়িত্ব নেবেন। পাকিস্তান টাইমস।
অ্যাডভোকাটের অবসর
কোচ হিসেবে স্বদেশি লুই ফন গাল কিংবা গাস হিডিঙ্কের পর্যায়ের নন তিনি। তবু কোচ হিসেবে ডিক অ্যাডভোকাটের প্রোফাইলটা উড়িয়ে দেওয়ার নয়। হল্যান্ডের কোচ ছিলেন, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ২০০৬ বিশ্বকাপে গেছেন। তবে ক্লাব পর্যায়েই বেশি সাফল্য এই ডাচের। হল্যান্ড, স্কটল্যান্ড ও রাশিয়ায় লিগ জিতেছেন। জেনিতকে ইউরোপা লিগের ট্রফিও এনে দিয়েছেন। এ পথচলা এ মৌসুমেই শেষ হচ্ছে, বর্তমানে তুর্কি ক্লাব ফেনেরবাচের দায়িত্বে থাকা ৬৯ বছর বয়সী অ্যাডভোকাট অবসরের ঘোষণা দিয়েছেন কাল। ফোরফোরটু।
আফ্রিদি-আলো
আগামী ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে পাকিস্তানে! থাকছে আরব আমিরাতও! না, চমকানোর দরকার নেই। আসল ওয়ানডে বিশ্বকাপ ইংল্যান্ডেই হচ্ছে; তবে ২০১৮ সালের দৃষ্টিহীন ক্রিকেটারদের বিশ্বকাপের যৌথ স্বাগতিক দেশ হবে পাকিস্তান। এমন উপলক্ষকে আরেকটু রাঙানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান দৃষ্টিহীন ক্রিকেট কাউন্সিল (পিবিসিসি)। এ বিশ্বকাপের শুভেচ্ছাদূত বানানো হচ্ছে শহীদ আফ্রিদিকে। পিবিসিসি চেয়ারম্যান জানিয়েছেন, ‘আফ্রিদি শুধু একজন ক্রিকেট কিংবদন্তি নন; অনেক সামাজিক উদ্যোগের সঙ্গেও তিনি জড়িত।’ এএনআই।