খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি বনাম রোনালদো
শিরোনাম দেখে নিশ্চয়ই ভড়কে গেছেন, কদিন আগেই না এল ক্লাসিকো হলো! শুধু বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচেই যে মেসি-রোনালদো মুখোমুখি হবেন, এমন তো কোনো কথা নেই! ১৮ নভেম্বর নিজ নিজ দেশের জার্সি গায়ে দুই তারকা মুখোমুখি হবেন ওল্ড ট্রাফোর্ডে। পরশু এক বিবৃতিতে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ এটি জানিয়েছে। আর্জেন্টিনা-পর্তুগাল প্রীতি ম্যাচটি কয়েকজন সাবেক ও বর্তমান ইউনাইটেড খেলোয়াড়ের সাক্ষাতের উপলক্ষও। দুই সাবেক পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও নানির মুখোমুখি হবেন বর্তমান দুই আর্জেন্টাইন ডি মারিয়া ও মার্কোস রোহো। রয়টার্স।
জুনাইদ বাদ
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগেই হাঁটুর চোট নিয়ে দেশে ফিরেছেন জুনাইদ খান। নিউজিল্যান্ডের বিপক্ষেও আসন্ন সিরিজে খেলতে পারবেন না এই পাকিস্তানি পেসার। চিকিৎসকেরা তাঁকে আগামী ছয় সপ্তাহ পুনর্বাসন-প্রক্রিয়ায় থাকার পরামর্শ দিয়েছেন। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম পছন্দের পেসার হয়ে ওঠা জুনাইদ গত মাসে অনুশীলন করার সময় চোট পেয়েছিলেন। আরব আমিরাতেই পাকিস্তান নিউজিল্যান্ডের সঙ্গে ৩টি টেস্ট ২টি টি-টোয়েন্টি এবং ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ৯ থেকে ১৩ নভেম্বর আবুধাবিতে প্রথম টেস্ট। রয়টার্স।
তবু প্রত্যয়ী ফেদেরার
প্যারিস মাস্টার্সের শেষ আটে মিলোস রাওনিচের কাছে হার ওয়ার্ল্ড টুর ফাইনালসে তাঁর পারফরম্যান্সে প্রভাব ফেলবে না। পরশু কানাডার মিলোস রাওনিচের কাছে পরাজয়ের পর এমনই বলছেন রজার ফেদেরার। উল্টো এই পরাজয়েও একটা মন্দের ভালো দেখছেন সুইস মাস্টার, ‘লন্ডন টুর্নামেন্টের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাচ্ছি আমি, যা আমার কাজে দেবে। নতুন করে শুরুর জন্য আমি যথাযথ অনুশীলন করতে পারব।’ চলতি মাসের ৯ তারিখ লন্ডনে শুরু হচ্ছে বছর শেষের এটিপি টুর্নামেন্ট ওয়ার্ল্ড টুর ফাইনালস। এএফপি।
গ্রেপ্তার এক
বাফানা বাফানার গোলরক্ষক ও অধিনায়ক সেনজো মেয়িবাকে খুনের দায়ে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। সপ্তাহ খানেক আগে বান্ধবীকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নিহত হন দক্ষিণ আফ্রিকান ফুটবল অধিনায়ক। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় হত্যার হার কমেছে। তার পরও গত বছর ১৭ হাজার খুনের ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রতি এক লাখে খুন হয়েছেন ৩১ জন! গতকাল হয়েছে মেয়িবার শেষকৃত্য। রয়টার্স।

প্রথম বিভাগ হ্যান্ডবল
হ্যান্ডবল স্টেডিয়ামে কাল যাত্রাবাড়ী জুরাইন জনতা ক্লাব ২৪-১৮ গোলে পূর্বাচল পরিষদকে, ফ্লেইম বয়েজ ক্লাব ৪১-৫ গোলে সতীর্থ ক্লাবকে হারিয়েছে।—ক্রীড়া প্রতিবেদক

নড়াইলে ফুটবল
নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে কাল শুরু হয়েছে নিটল টাটা প্রথম বিভাগ ফুটবল লিগ। উদ্বোধনী ম্যাচে বগুড়া আবাহনী ক্রীড়াচক্র ৩-১ গোলে হারিয়েছে স্থানীয় বলাকা স্পোর্টিং ক্লাবকে। জয়ী দলের কালাম, প্রকাশ ও সজল গোল তিনটি করেছেন। বলাকার সোহাগ একটি গোল শোধ করেন।—নড়াইল প্রতিনিধি