খেলার খুচরো
জিতল পাকিস্তান
২২ বলে ৪৫ রান করে শহীদ আফ্রিদি আউট হলেন। তখন মনে হলো, ম্যাচটা বুঝি পাকিস্তানের হাত থেকে বেরিয়ে গেছে। কিন্তু ১৭ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলে পাকিস্তানকে আবার ম্যাচে ফেরালেন আনোয়ার আলী। আর শেষ ওভারের দ্বিতীয় বলে ছক্কা মেরে দুর্দান্ত এক জয় এনে দিলেন ইমাদ ওয়াসিম। দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার ১৭২ রান তাড়া করতে নেমে পাকিস্তান জিতল ১ উইকেটে। একই সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটাও জিতে নিল ২-০ ব্যবধানে। টেন ক্রিকেট।
ডোপপাপী ফ্রেড!
কোপা আমেরিকায় দুটি ম্যাচ খেলেছিলেন জাতীয় দলের হয়ে। সেখানেই ডোপ পরীক্ষায় উতরাতে ব্যর্থ হয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড রদ্রিগেজ সান্তোস। ইউক্রেনের ফুটবল ক্লাব শাখতার দোনেৎস্কে খেলা এই ফুটবলারের রক্তনমুনায় নিষিদ্ধ ড্রাগ হাইড্রোক্লোরোথিয়াজাইড পাওয়া গেছে। এটি মূলত রক্তে উপস্থিত অন্য অবৈধ ড্রাগকে আড়াল করতে ব্যবহৃত হয়। ফ্রেড নিজেকে নির্দোষ দাবি করেছেন। অবশ্য এই দুঃসময়ে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে (সিবিএফ) পাশেই পাচ্ছেন তিনি। আইএএনএস।
হেরেরা আবারও
বিতর্ক পিছু ছাড়ছে না মিগুয়েল হেরেরার। কদিন আগে এক সাংবাদিককে লাঞ্ছিত করে চাকরি হারানো মেক্সিকান কোচ এবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তদন্তের মুখোমুখি হয়েছেন। গত ৭ জুন মেক্সিকোর মধ্যবর্তী নির্বাচনের সময় হেরেরা ও মেক্সিকো দলের দুই খেলোয়াড় রাজনৈতিক দল গ্রিন পার্টির সমর্থনে টুইট করেন। মেক্সিকোর এই বিতর্কিত দলটিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ৩০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। মেক্সিকোর আইনে নির্বাচনের দিন প্রচারণা চালানো নিষিদ্ধ। আদালতের পাশাপাশি মেক্সিকোর ফুটবল ফেডারেশনও ঘটনাটি নিয়ে তদন্ত করছে। দোষী প্রমাণিত হলে ৯ হাজার মার্কিন ডলার জরিমানা গুনতে হবে হেরেরাদের। এএফপি।
ইংলিশ দলে দুই পেসার
জেমস অ্যান্ডারসনের পেটের পেশির চোট অ্যাশেজের তৃতীয় টেস্ট জয়ী ইংল্যান্ড দলে অবশ্যম্ভাবী পরিবর্তন এনেছে। দলে এসেছেন দুই পেসার লিয়াম প্লাঙ্কেট ও মার্ক ফুটিট। ডানহাতি প্লাঙ্কেট ১৩টি টেস্ট খেললেও বাঁহাতি ফুটিট কোনো ধরনের ক্রিকেটই খেলেননি জাতীয় দলের হয়ে। চোট কাটিয়ে দলে ফিরেছেন আরেক পেসার মার্ক উডও। এ পর্যন্ত ব্যর্থ ইংলিশ ওপেনার অ্যাডাম লিথকে আরেকটা সুযোগ দিয়েছেন ইংলিশ নির্বাচকেরা। নটিংহামে অ্যাশেজের চতুর্থ টেস্টে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ৬ আগস্ট। এএফপি।
ফন পার্সির প্রতিশ্রুতি
ফুটবল যে একজনের খেলা নয়, সেটাই আবার মনে করিয়ে দিলেন রবিন ফন পার্সি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তুরস্কের ক্লাব ফেনেরবাচেতে সাড়ে ৬ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে ৫৫ কোটি টাকার ট্রান্সফার ফিতে যোগ দেওয়া এই ডাচ ফরোয়ার্ড ‘গোলমেশিন’ হয়ে ওঠার নিশ্চয়তা দিচ্ছেন না সমর্থকদের। যদিও প্রতিশ্রুতি দিয়েছেন দলকে জেতাতে নিজের পুরোটা ঢেলে দেবেন মাঠে। ইস্তাম্বুলের ক্লাবটিতে এসে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনাই পেয়েছেন। নিজের চোট ও দলের পারফরম্যান্সই তাঁর গোল করার সামর্থ্যকে প্রভাবিত করবে বলে মনে করেন ৩১ বছর বয়সী ডাচ তারকা। গোলডটকম।