খেলার খুচরো
চ্যাম্পিয়ন আদমজী
আন্তকলেজ রাগবির শিরোপা ধরে রেখেছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। পল্টন আউটার স্টেডিয়ামে কালকের ফাইনালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ টাইব্রেকারে ৮-৬ পয়েন্টে সরকারি বাঙলা কলেজকে হারিয়েছে। নির্ধারিত সময়ে ৫-৫ পয়েন্টে ড্র ছিল খেলাটি। ক্যামব্রিয়ান কলেজকে ১৫-০ পয়েন্টে হারিয়ে তৃতীয় হয়েছে ঢাকা কমার্স কলেজ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সরকারি বাঙলা কলেজের ফয়সাল আহমেদ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য আবদুর রব।
দ্রগবার হ্যাটট্রিক
অভিষেক ম্যাচে গোল পাননি। বদলি নেমেছিলেন দ্বিতীয়ার্ধে। দলও হেরে গিয়েছিল সে ম্যাচে। গত পরশু প্রথমবারের মতো মন্ট্রিয়ল ইমপ্যাক্টের প্রথম একাদশে ছিলেন দিদিয়ের দ্রগবা। আর উপলক্ষটাকে কী দারুণভাবেই না রাঙিয়ে দিলেন এই আইভরিয়ান! ৩৭ বছর বয়সী স্ট্রাইকারের হ্যাটট্রিকে মেজর লিগ সকারের উত্তেজনায় ঠাসা ম্যাচে শিকাগো ফায়ারকে ৪-৩ গোলে হারিয়েছে মন্ট্রিয়ল। দুই পা এবং হেড—দ্রগবার গোল তিনটি ‘নিখুঁত’ হ্যাটট্রিকের এক উদাহরণও। এএফপি।