খেলার খুচরো
চোট–জর্জর অস্ট্রেলিয়া
চোট যেন অস্ট্রেলিয়া দলের পিছু ছাড়তে চাইছে না। ডেভিড ওয়ার্নার আর শেন ওয়াটসনকে ছিটকে দিয়েছিল আগেই। এবার হ্যামস্ট্রিং চোটে পড়লেন পেসার নাথান কোল্টার-নাইলও। ওয়ার্নারের বদলি হিসেবে ডাকা হয়েছিল অ্যারন ফিঞ্চকে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি তিনটি ওয়ানডের জন্য অস্ট্রেলিয়া দলে যোগ দিচ্ছেন অলরাউন্ডার জন হেস্টিংস ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্বও। হেস্টিংস এর আগে একটি টেস্ট খেললেও অস্ট্রেলিয়ার হয়ে এখনো কোনো ধরনের ক্রিকেটেই খেলা হয়নি হ্যান্ডসকম্বের। আজ তৃতীয়
ম্যাচে ইংল্যান্ড দলেও হয়তো পরিবর্তন আসছে। ব্যাট হাতে বাজে ফর্মের
কারণে সিরিজের বাকি তিনটি ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলারকে। সিরিজের প্রথম দুটি ওয়ানডেতে বাটলারের রান ৪ ও ০। তাঁর বদলে দলে এসেছেন জনি বেয়ারস্টো। এএফপি।
ঝড়ের পরে...
বিশ্বকাপ বাছাইয়ে আরব আমিরাতের কাছে মালয়েশিয়া হেরেছে ১০-০ গোলে। দেশটির ফুটবল ইতিহাসের শোচনীয়তম পরাজয়ের পার্শ্বপ্রতিক্রিয়াও শুরু হয়ে গেছে। গত শনিবার পদত্যাগ করেছেন দলটির কোচ ডোলাহ সালেহ। দেশটির ক্রীড়ামন্ত্রী এবার ফুটবল ফেডারেশন ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন। তবে হুমকি কার্যকর হওয়ার আগেই কাল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফেডারেশন সভাপতি টেংকু আবদুল্লাহ আহমেদ শাহ। টেংকু আবদুল্লাহ অবশ্য এখনো পদ ছাড়েননি, ফেডারেশনের কিছু গুরুত্বপূর্ণ কাজ সমাধা করার পরই দায়িত্ব ছাড়বেন। পরিবর্তনের এই ডামাডোলের মধ্যেই মালয়েশিয়া আজ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হচ্ছে। এএফপি।
বিরক্ত মিয়াঁদাদ
কদিন আগেই শোয়েব আখতার বলেছিলেন, দুদেশের সীমান্তে সংঘাতময় পরিস্থিতিতে ভারত-পাকিস্তান সিরিজ এখন সম্ভব নয়। কিন্তু পিসিবি সভাপতি শাহরিয়ার খান এখনো সামনের ডিসেম্বরে ভারতের সঙ্গে সিরিজের আশায় আছেন। ভারতের তেমন কোনো গরজ নেই, অথচ পাকিস্তান অনুনয়-বিনয় করছে, এই ব্যাপারটাই বিরক্ত করছে জাভেদ মিয়াঁদাদকে। সাবেক পাকিস্তান অধিনায়ক সোজাসাপ্টাই বলে দিলেন, ‘দ্বিপক্ষীয় সিরিজ শুরু হলে ভালোই, কিন্তু সেটা আমাদের আত্মমর্যাদা ও গর্বকে বিসর্জন দিয়ে নয়।’ মিয়াঁদাদের মতে, সিরিজ নিয়ে ভারতের নেতাদের উসকানিমূলক কথাবার্তাও দুর্ভাগ্যজনক, দুই দেশের সম্পর্ক ভালো করার চেয়ে সেটা বরং খারাপই করছে। ডন।