খেলার খুচরো
কসমসে রাউল
পেলে, বেকেনবাওয়ারের মতো ফুটবলার খেলে গিয়েছিলেন এই ক্লাবে। এই মহারথীদের উত্তরসূরি হলেন রাউল গঞ্জালেস, এই স্প্যানিশ স্ট্রাইকার নাম লিখিয়েছেন নিউইয়র্ক কসমসে। যুক্তরাষ্ট্রের এই ক্লাবের যুব একাডেমির টেকনিক্যাল পরিচালকের দায়িত্বও পালন করবেন রাউল। তবে সত্তর দশকের সাড়াজাগানো ক্লাবটি মেজর সকার লিগে নয়, খেলে তার এক ধাপ নিচের নর্থ আমেরিকান সকার লিগে। নতুন ক্লাবে যোগ দিয়ে রিয়াল মাদ্রিদ কিংবদন্তি উচ্ছ্বসিতই, ‘ফুটবল জগতের সবাই কসমস ও ক্লাবটির সাবেক খেলোয়াড়দের নাম জানে। আমি ক্লাবটির অংশ হতে পেরে রোমাঞ্চিত।’ এএফপি
রুমেনিগে চান এপ্রিলে
কাতার ২০২২ বিশ্বকাপের আয়োজনভার পাওয়ার পর থেকেই দাবি উঠেছে, গ্রীষ্মে নয়, মরুর দেশে বিশ্বকাপটা শীতকালেই হওয়া উচিত। তবে গ্রীষ্ম বা শীতে নয়, কাতারে ফুটবলের মহাযজ্ঞ বসন্তকাল অর্থাৎ এপ্রিল-মে মাসে আয়োজনের পক্ষে জার্মান ফুটবল কিংবদন্তি কার্ল হেইঞ্জ রুমেনিগে। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসকে বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী বলছেন, ‘আমরা কিছু গবেষণা করেছি...এবং গবেষণা এটাই বলছে যে, বিশ্বকাপ এপ্রিলের শেষ দিকে শুরু করে মেতে শেষ করাটাই হবে সেরা বিকল্প।’ কাতারে বিশ্বকাপের সম্ভাব্য সেরা সময় নির্বাচনের জন্য ফিফা একটি টাস্কফোর্স গঠন করেছে। ৩ নভেম্বর জুরিখে এই টাস্কফোর্সের বৈঠকে ২০২২ বিশ্বকাপের সম্ভাব্য সময় নিয়ে আলোচনা হবে। এএফপি।
বিত্তশালী অস্ট্রেলীয় ক্রিকেট
সামনেই ক্রিকেট বিশ্বকাপ। আয়োজকদের জন্য বিশাল অঙ্কের অর্থ আয়ের সুযোগ। তার আগে গতকাল অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড যে আর্থিক চিত্র তুলে ধরেছে, তাতে অস্ট্রেলিয়ার ক্রিকেটকে এখন খুব বিত্তশালী বলতেই হচ্ছে। বোর্ড আশা করছে, অক্টোবর পর্যন্ত আয় হওয়া ২৬২ মিলিয়ন ডলার মৌসুম শেষে ৩১৫ মিলিয়ন ডলারে উন্নীত হবে। ধারণা করা যাচ্ছে, ২০১৩-১৪ থেকে ২০১৬-১৭—চার বছর পর এই আয় গিয়ে ঠেকবে ১.০৭ বিলিয়ন ডলারে! বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় ক্রিকেট কখনোই এতটা জনপ্রিয় ছিল না! এএফপি।
প্রতিনিধি শেঠি
তিন মাস আগেই সরে দাঁড়িয়েছিলেন ক্রিকেট বোর্ডপ্রধানের পদ থেকে। নাজাম শেঠি এবার আইসিসি সভাপতি পদের জন্য পাকিস্তানের প্রতিনিধি মনোনীত হয়েছেন। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান ও বোর্ডের অন্য পরিচালকেরা সর্বসম্মতিক্রমে শেঠিকেই বেছে নিয়েছেন। এর আগে ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত পাকিস্তানের এহসান মানি আইসিসি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে এই পদে আছেন বাংলাদেশের আ হ ম মোস্তফা কামাল। ২০১৫ সালের জুনে শেষ হবে তাঁর মেয়াদ। এএফপি।