খেলার খুচরো
স্পিননির্ভর দ. আফ্রিকা
যস্মিন দেশে যদাচার। আপ্তবাক্যটা মেনেই ভারত সফরের দল নির্বাচন করেছে দক্ষিণ আফ্রিকা। পেস বোলিং-নির্ভর দলটি টেস্ট দলে রেখেছে তিন বিশেষজ্ঞ স্পিনার সাইমন হার্মার, ডেন পিট ও ইমরান তাহিরকে। খণ্ডকালীন স্পিনার জেপি ডুমিনিকে ধরলে সংখ্যাটা হয়ে যায় চার। কাল ঘোষিত ১৫ সদস্যের টেস্ট দলে সবচেয়ে বড় চমক কুইন্টন ডি ককের না থাকা। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই আছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। এ মাসের শেষে শুরু হতে যাওয়া ৭২ দিনের সফরে তিনটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও চারটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। এএফপি।
ওকসও চোটে
অস্ট্রেলিয়ার পর এবার চোটের হানা ইংল্যান্ড শিবিরেও। ঊরুর চোটে সিরিজ শেষ হয়ে গেছে ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের। সিরিজের প্রথম তিন ওয়ানডেতে কোনো উইকেট না পাওয়া ওকস অবশ্য পুরো মৌসুমেই লড়াই করেছেন চোটের সঙ্গে। আজ চতুর্থ ওয়ানডেতে ওকসের জায়গায় একাদশে ঢুকবেন মার্ক উড, ডেভিড উইলি ও রিস টপলির যেকোনো একজন। এর আগে চোটে সিরিজ শেষ হয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন ও নাথান কোল্টার-নাইলের। শেষ দুই ম্যাচে মিচেল স্টার্ককে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করেছিল অস্ট্রেলিয়া। কোল্টার-নাইল ছিটকে পড়ায় তা আর হচ্ছে না। ক্রিকইনফো।