খেলার খুচরো
বেনিতেজই ভালো!
বার্সেলোনার আধিপত্য ছাপিয়ে ২০১১-১২ মৌসুমে লিগ জিতিয়েছিলেন। টানা ছয় বছরের শেষ ষোলোর গেরোটা খুলে রিয়াল মাদ্রিদকে নিয়ে গিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। তবে সেই কোচ হোসে মরিনহোকে সুযোগ পেলেও রিয়ালে ফিরিয়ে আনবেন না ফ্লোরেন্তিনো পেরেজ। তাঁর কাছে যে বর্তমান কোচ রাফায়েল বেনিতেজই সেরা! রেডিও কাদেনা কোপেকে রিয়াল সভাপতি বলেছেন, ‘যদিও তিনি আমাদের মানের বিচারে এগিয়ে দিয়েছিলেন, আমি তাঁকে ফিরিয়ে আনব না। কোচ হিসেবে আমি যাঁদের পেয়েছি, তাঁদের মধ্যে বেনিতেজই সবেচয়ে ভালো।’ গোলডটকম।
ব্রাজিলে নতুন লিগ
ফুটবল ফেডারেশনের দুর্নীতি ও ক্লাবগুলোর সঙ্গে সমন্বয়হীনতার অভিযোগ তুলে নতুন একটি ঘরোয়া লিগ শুরু করছে ব্রাজিলের শীর্ষ ক্লাবগুলো। আগামী বছরের শুরুর দিকে প্রিমিয়ার লিগের আদলে আরম্ভ হতে যাওয়া এই লিগটি এখনো ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) অনুমোদন পায়নি। ‘সুল-মিনাস-রিও’ নামের লিগটির সঙ্গে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছে ফ্লামেঙ্গো, ফ্লুমিনেন্স, ইন্টারন্যাসিওনাল, গ্রেমিও এবং অ্যাটলেটিকো মিনেইরোর মতো ক্লাবগুলো। পাঁচটি রাজ্যের প্রতিটি থেকে দুটি করে দল খেলবে আপাতত দশ দলের এই লিগে। আইএএনএস।
ক্ষমা চাইল পুলিশ
সাবেক টেনিস তারকা জেমস ব্লেককে বিনা অপরাধে হাতকড়া পরানোর ঘটনায় পরশু ক্ষমা চেয়েছেন নিউইয়র্কের পুলিশ কমিশনার উইলিয়াম ব্র্যাটন। সংবাদমাধ্যমকে পুলিশের এই কর্তা বলেছেন, ‘আমি মি. ব্লেকের সঙ্গে দেখা করে গতকালকের ঘটনার জন্য ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছি।’ ম্যানহাটনের একটি হোটেলের সামনে ব্লেককে হাতকড়া পরিয়ে হেনস্তা করে ছয় শ্বেতাঙ্গ পুলিশ। হাতকড়া পরানোর আগে একজন পুলিশ অফিসার তাঁকে মাটিতে ফেলে দিলে পা ও কনুই কেটে যায় এটিপি র্যাঙ্কিংয়ের সাবেক চার নম্বর খেলোয়াড়ের। ঘটনাটি যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিকদের প্রতি শ্বেতাঙ্গ পুলিশদের বলপ্রয়োগের বিতর্ককে নতুন করে সামনে এনেছে। রয়টার্স।