খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাইডারের ফেরার বার্তা
ঘরের মাঠে বিশ্বকাপ খেলার আশা জাগছে জেসি রাইডারের। আরব আমিরাত সফরের জন্য নিউজিল্যান্ডের ‘এ’ দলে নেওয়া হয়েছে তাঁকে। জাতীয় দলে ফেরার একটা ধাপ হিসেবেই দেখা হচ্ছে এই অন্তর্ভুক্তিকে। গত ফেব্রুয়ারির এক রাতে মদ্যপানের ঘটনার পর থেকেই জাতীয় দলের বাইরে কিউই ক্রিকেটের ব্যাডবয়। তবে জাতীয় দলে তাঁকে যে আর বেশিদিন উপেক্ষা করা যাবে না সেই বার্তাটা তিনি নির্বাচকদের ভালোভাবেই দিয়েছেন গত সপ্তাহে, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ওটাগোর হয়ে ৫৭ বলে ১৩৬ রান করে। আমিরাত সফরে চারটি সীমিত ওভারের ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ‘এ’। ১৬ ও ১৯ নভেম্বর প্রতিপক্ষ স্বাগতিক আমিরাত ও আফগানিস্তান। ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বর প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এএফপি।
ক্রিকেটে মালালা
মালালা ইউসুফজাই—পাকিস্তানের নারীদের কাছে নিশ্চয়ই একটি অনুপ্রেরণার নাম। পাকিস্তানি শিশুদের স্কুলে যাওয়া ও শিক্ষার অধিকার নিয়ে কাজ করতে গিয়ে তালেবান সহিংসতার শিকার হওয়া মালালা শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে নাম লিখিয়েছে কদিন আগে। তাকে সম্মাননা জানাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড মালালার নামে দেশটির অনূর্ধ্ব-২১ মেয়েদের ক্রিকেট টুর্নামেন্টের নামকরণ করেছে। আগামী ডিসেম্বরে শুরু হওয়ার কথা ১২টি আঞ্চলিক দলের এই টুর্নামেন্ট। পিসিবিপ্রধান শাহরিয়ার খানের আশা এই উদ্যোগে পাকিস্তানের নারী ক্রিকেটাররা আরও অনুপ্রাণিত হবেন। এএফপি।
হেরে গেলেন ফেদেরার
প্যারিস মাস্টার্স জিতলেই নোভাক জোকোভিচকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা হিসেবে বছর শেষ করতে পারতেন রজার ফেদেরার। কিন্তু তা আর হলো না। কাল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে কানাডার মিলোস রাওনিচ হারিয়ে দিয়েছেন র্যাঙ্কিংয়ের দুয়ে থাকা ফেদেরারকে। এর আগে ছয়বার দুজনে মুখোমুখি হলেও একবারও জিততে পারেননি র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা রাওনিচ। সপ্তমবারে এসে জিতলেন। এই জয়ে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের সম্ভাবনাও জিইয়ে রাখলেন রাওনিচ। টুর্নামেন্ট জিততে পারলেই বছর শেষের এটিপি টুর্নামেন্টে জায়গা করে নিতে পারবেন। এএফপি।
বাধা নেই জিদানের
রিয়াল মাদ্রিদের ‘বি’ দল কাস্তিয়ার কোচ হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন জিনেদিন জিদান। স্পেনের ক্রীড়া আদালত কাল দিয়েছেন এই রায়। স্পেনে কোচিং করাতে হলে কোচিংয়ের লেভেল-৩ ডিপ্লোমা সনদ থাকা আবশ্যক, যা না থাকার কারণে স্প্যানিশ ফুটবল ফেডারেশন কোচ জিদানকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছিল। এই শাস্তির বিপক্ষে ফেডারেশনের আপিল কামিটির কাছে আপিল করেছিল রিয়াল। সেখানে প্রত্যাখ্যাত হওয়ার পরই ক্লাবটি শরণাপন্ন হয় দেশটির ক্রীড়া আদালতের। এএফপি।
মেয়িবার সম্মানে
আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বের একটি ম্যাচ নেলসপ্রুইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে ডারবানে। উদ্দেশ্য একটাই—দিন কয়েক আগে ডাকাতের গুলিতে নিহত বাফানা বাফানা গোলরক্ষকের প্রতি সম্মান জানানো। ১৯৮৭ সালের ২৪ সেপ্টেম্বর ডারবানেই জন্মেছিলেন মেয়িবা। এখানকার আলো-হাওয়া গায়ে মেখেই তাঁর বেড়ে ওঠা। তাঁকে শ্রদ্ধা জানাতেই ১৫ নভেম্বর অনুষ্ঠেয় বাছাইপর্বের ‘এ’ গ্রুপের একটি ম্যাচ মেয়িবার শহরে আয়োজনের সিদ্ধান্ত। ওই ম্যাচের দুই দল মেয়িবার বাড়ি এবং তাঁর কবরস্থানও পরিদর্শন করবে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশন। এএফপি।