খেলার খুচরো
লরিয়াসে টেন্ডুলকার
১৫ এপ্রিল সাংহাইয়ের গ্র্যান্ড থিয়েটারে বসবে এবারের লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড আসর। যেখানে আইস হকি থেকে শুরু করে ইকুয়েস্ট্রিয়ান—সব খেলার তারকাদের থাকবে পদচারণ। বৈশ্বিক পরিচিতিতে তুলনামূলকভাবে পিছিয়ে ক্রিকেট
বিশ্ব ক্রীড়ার কুলীন এই আসরে একরকম উপেক্ষিত থাকে। তবে এবার বাদ যাচ্ছে না ক্রিকেটও। অন্যান্য ক্রীড়ার বড় তারকাদের সঙ্গে এবারের লরিয়াস অ্যাওয়ার্ডে উপস্থিত থাকবেন ক্রিকেট গ্রেট ভারতের শচীন টেন্ডুলকার। থাকবেন আরেক সাবেক ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের মাইকেল হোল্ডিংও। এনডিটিভি।
কলকাতায় কাকা!
আলেসান্দ্রো দেল পিয়েরো, নিকোলাস আনেলকাদের মতো ফুটবলার এনে প্রথম মৌসুমে দারুণ হইচই ফেলে দিয়েছিল ইন্ডিয়ান সুপার লিগ। সামনের মৌসুমে এর চেয়েও বড় চমক দেখা যেতে পারে, অ্যাটলেটিকো ডি কলকাতায় নাম লেখাতে পারেন কাকা। ব্রাজিল প্লে-মেকার এখন খেলছেন মেজর লিগ সকারের ক্লাব অরল্যান্ডো সিটিতে। ক্লাবের সঙ্গে তাঁর মেয়াদ শেষ হচ্ছে এ বছরই। কলকাতার স্বত্বাধিকারীদের অন্যতম সৌরভ গাঙ্গুলী পরশু একটা অনুষ্ঠানে বলেছেন, ‘কথা চলছে (কাকার সঙ্গে)। চূড়ান্ত কিছু হলে আমরা আপনাদের জানাব।’ ইএএনএস।
গেইলকে নিয়ে সংশয়
ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ খেলতে পারছেন না, সেটি আগেই চূড়ান্ত হয়েছিল। ক্রিস গেইল খুব সম্ভবত পরে অস্ট্রেলিয়ার সঙ্গে দুই টেস্টের সিরিজেও খেলতে পারছেন না। পুরোনো পিঠের চোট এখনো ভোগাচ্ছে। পাঁচ দিনের ক্রিকেট খেলার জন্য তাই ফিট নন বলেই দাবি তাঁর। তবে আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলার কথা গেইলের। অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজের অনেক দেরি, ৫ জুন শুরু প্রথম টেস্ট। ক্রিকেট অস্ট্রেলিয়া।
অবসরে লিউ শিয়াং?
সেই ২০০৪ এথেন্স অলিম্পিকে চমকে দিয়েছিলেন সবাইকে। ১১০ মিটার হার্ডলসে সোনা জিতে লিউ শিয়াং রাতারাতিই চীনে বীরের মর্যাদা পেয়েছিলেন। ওটিই যে ট্র্যাক ও ফিল্ড থেকে পাওয়া চীনের প্রথম অলিম্পিক সোনা। ২০০৮ বেইজিং অলিম্পিকে অবশ্য চোটের ধাক্কায় বাছাইতেই বাদ পড়ে কাঁদিয়েছিলেন চীনকে। ২০১২ লন্ডন অলিম্পিকেও আবার স্বপ্নভঙ্গের গল্প। পরে আর কোনো প্রতিযোগিতামূলক মিটে দৌড়াননি। চীনের সর্বকালের অন্যতম সেরা এই অ্যাথলেটকে হয়তো আর দৌড়াতে দেখা যাবে না। ৩১ বছর বয়সী এই হার্ডলারের কোচ জানিয়েছেন, লিউ অবসরের কথা ভাবছেন। গুঞ্জন আছে, সামনের মঙ্গলবারই ঘোষণাটি আসতে পারে। এএফপি।