খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেলে আবার হাসপাতালে
আলবার্ট আইনস্টাইন হাসপাতালের সঙ্গে সখ্য যেন বেড়েই চলেছে পেলের! ২০১২ সালের পর এ পর্যন্ত বেশ কয়েকবারই সাও পাওলোর হাসপাতালটিতে যেতে হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তিতে। শল্যবিদের ছুরির নিচেও যেতে হয়েছে একাধিকবার। সর্বশেষ গেলেন গত বৃহস্পতিবার। ব্রাজিলিয়ান টিভি গ্লোবো জানিয়েছে, সেদিনই ৭৪ বছর বয়সী পেলের মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়েছে। পেলের পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছু না জানালেও ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী অস্ত্রোপচার সফল হয়েছে। গতকালই তাঁর হাসপাতাল ছাড়ার কথা ছিল। এএফপি।
জিম্বাবুয়ের ‘প্রথম’
আগের ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির ৬টিতে জিতলেও তার একটিও ভারতের বিপক্ষে ছিল না। গত পরশু অধরা সেই জয়ের দেখা পেল জিম্বাবুয়ে। তিন ওয়ানডের সিরিজে ধবলধোলাই হওয়া জিম্বাবুয়ে প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েছিল দুই ম্যাচের টি-টিায়েন্টি সিরিজেও। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জিম্বাবুয়ে (১৪৫/৭) হারারেতে ১০ রানে হারাল ভারতকে (১৩৫/৯)। এএফপি।

বার্তোমেউ
বার্তোমেউ

থাকছেন বার্তোমেউ
দায়িত্বে এসেছিলেন হঠাৎ করেই। গত বছর জানুয়ারিতে নেইমারের দলবদল-বিতর্কে বার্সার সাবেক সভাপতি সান্দ্রো রোসেল পদত্যাগ করার পর। তবে এই সময়ই হোসে মারিয়া বার্তোমেউর সাফল্য যথেষ্ট। সর্বশেষ মৌসুমে বার্সেলোনা ত্রিমুকুট জিতেছে, ওই মৌসুমে কাতালান ক্লাবটির মুনাফাও ছিল প্রায় ১৫ মিলিয়ন ইউরো। এই সাফল্যের প্রতিদানই যেন পেলেন বার্তোমেউ। ১৮ জুলাইয়ের সভাপতি নির্বাচনে ৫৪.৬৩ শতাংশ ভোটে পূর্ণ মেয়াদে বার্সা সভাপতি হলেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হুয়ান লাপোর্তা পেয়েছেন ৩৩.০৩ শতাংশ ভোট। রয়টার্স, গোলডটকম।
নেই মেসি-নেইমার
নিজেদের দুর্ভাগা ভাবতেই পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল দর্শকেরা। বার্সেলোনা তাঁদের দেশে খেলতে এসেছে। অথচ টিকিট কেটে মাঠে ঢুকেও তাঁদের সৌভাগ্য হবে না মেসি-নেইমারের খেলা দেখার! প্রাক্-মৌসুম প্রস্তুতিতে দলের সঙ্গে যক্তরাষ্ট্রে যাননি লিওনেল মেসি ও নেইমার। কোপা আমেরিকার ধকল কাটাতে এ দুজনকে বিশ্রাম দিয়েছেন বার্সা কোচ লুইস এনরিকে। আমেরিকা সফরে মঙ্গলবার এলএ গ্যালাক্সির সঙ্গে প্রথম ম্যাচ খেলবে বার্সেলোনা। ২৫ ও ২৮ জুলাই পরের দুটি ম্যাচে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। এএফপি।