খেলার খুচরো
শ্রীশান্তরা নিষিদ্ধই
আদালত থেকে মুক্তি পেলেও ক্রিকেটে ফেরা হচ্ছে না শ্রীশান্ত ও অঙ্কিত চাভানের। বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর গত বুধবার জানিয়ে দিয়েছেন, বোর্ড তাঁদের আজীবন নিষেধাজ্ঞা তুলছে না।
২০১৩ সালে এই দুই ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেট বোর্ড আজীবন নিষিদ্ধ করে আইপিএলে স্পট ফিক্সিং ও বোর্ডের আচরণবিধি ভঙ্গের অভিযোগে। গত সপ্তাহে আদালতের রায়ে ফৌজদারি অভিযোগ থেকে মুক্তি পাওয়ায় শ্রীশান্তকে ক্রিকেট মাঠে ফেরার সুযোগ দিতে বিসিসিআইকে অনুরোধ করেছে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু বিসিসিআই সচিব জানিয়ে দিয়েছেন, শ্রীশান্তরা নিষিদ্ধই থাকছেন। কেননা ফৌজধারি আইন ও আচরণবিধি দুটি আলাদা বিষয়। আইবিএন।
লক্ষ্য ছয় শিরোপা
টিকচিহ্ন পড়ে গেছে মৌসুমের প্রধান তিনটি শিরোপা জয়ের কর্মপরিকল্পনায়। আরও তিনটি শিরোপা জিতে বছরে সম্ভাব্য ছয়টি শিরোপাই ঘরে তুলতে চায় বার্সেলোনা। পারবে বার্সা? সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ নিঃসংশয়, ক্লাব ফুটবলের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এবার হবে। গত মৌসুমে ত্রিমুকুট জেতায় বার্সেলোনা ‘বোনাস’ হিসেবে পাচ্ছে স্প্যানিশ সুপার কাপ, ইউরোপিয়ান সুপার কাপ ও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ। এই শিরোপা তিনটিও জিততে যা দরকার, তা দলটির আছে বলেই মনে করেন বার্তোমেউ। বার্সেলোনার কোচ হিসেবে প্রথম বছরেই পেপ গার্দিওলা ২০০৯ সালে ঘরে তোলেন ছয়টি শিরোপাই। গত মৌসুমেই দায়িত্ব নেওয়া লুইস এনরিকের সামনে সুযোগ গার্দিওলার সেই কীর্তি ছোঁয়ার। গোলডটকম।
অ্যান্ডারসনের চোট
খারাপ খবর শুনল ইংল্যান্ড। চতুর্থ টেস্টে তারা পাচ্ছে না দলের প্রধান পেসার জেমস অ্যান্ডারসনকে। ট্রেন্ট ব্রিজে অ্যাশেজের পরের টেস্টটা শুরু হবে ৬ আগস্ট। পরশু এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে পেটের পেশিতে টান পড়ায় ওভার শেষ না করেই মাঠ ছেড়ে যেতে হয়েছিল ইংলিশ পেসারকে। কাল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়ে দিল, চোটের কারণেই পরের টেস্টে খেলবেন না অ্যান্ডারসন। ওভালের শেষ টেস্টেও অ্যান্ডারসনকে পাওয়া যাবে কি না সেটিও অবশ্য নিশ্চিত করতে পারেনি ইসিবি। এজবাস্টনে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিয়েছেন ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি। বিবিসি।

বেইজিংয়ে আবার অলিম্পিক
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিক সফল আয়োজনের পুরস্কারই পেল বেইজিং। ২০২২ সালের শীতকালীন অলিম্পিকের আয়োজক নির্বাচিত হয়েছে চীনের রাজধানী। গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ২৮তম সভায় ৮৫ সদস্যের ভোটে এ সিদ্ধান্ত হয়। প্রার্থী ছিল দুটি শহর, তাতে কাজাখস্তানের আলমাটিকে ৪৪-৪০ ভোটে (ভোটদানে বিরত একজন) হারিয়েছে বেইজিং। এই প্রথম কোনো শহর হতে যাচ্ছে গ্রীষ্ম ও শীতকালীন দুই ধরনের অলিম্পিকের গৌরবময় আয়োজক। বেইজিংয়ের পাশাপাশি ঝ্যাংজিয়াকু শহরেও অলিম্পিকের কিছু খেলা হবে। রাজধানী থেকে ১১৮ মাইল দূরের ঝ্যাংজিয়াকুতে হবে কয়েকটি স্নো ইভেন্ট। আইএএনএস।
ল’র চাওয়া
উপমহাদেশে কোচিং করানোর অভিজ্ঞতা বেশ সমৃদ্ধই। ২০০৯ সালে শ্রীলঙ্কার সহকারী কোচ হিসেবে শুরু। ২০১১ বিশ্বকাপের পর দলটির প্রধান কোচই হয়ে যান স্টুয়ার্ট ল। ২০১২ এশিয়া কাপের ফাইনালিস্ট বাংলাদেশেরও কোচ ছিলেন। এবার ভারতের কোচ হতে চান ৪৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান। জানিয়েছেন তাঁর আগ্রহের কথাও, ‘বিশ্বের সেরা কিছু ক্রিকেটারের সঙ্গে কাজ করতে চাই আমি।’ ডানকান ফ্লেচারের বিদায়ের পর থেকে ক্রিকেট পরিচালক রবি শাস্ত্রীর অধীনেই খেলছেন কোহলি-ধোনিরা। তবে নতুন কোচের সন্ধানে রয়েছে বিসিসিআই। পিটিআই।