খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য উচ্চতায় লেডেকি
বয়স কম বলে ড্রাইভিং সনদটা এখনো পাওয়া হয়নি। কিন্তু এরই মধ্যে বিশ্ব সাঁতারের বড় তারকা হয়ে উঠেছেন গত মার্চে আঠারোয় পা রাখা কেটি লেডেকি। রাশিয়ার কাজানে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে পরশু ৮০০ মিটার ফ্রি-স্টাইলে ৮ মিনিট ০৭.৩৯ সেকেন্ড সময় নিয়ে নিজের পুরোনো রেকর্ড ভেঙে গড়লেন নতুন বিশ্ব রেকর্ড। এই সাফল্যে নতুন এক উচ্চতায়ও তুলেছেন নিজেকে। ফ্রি-স্টাইলের ২০০, ৪০০, ৮০০, ১৫০০ মিটারে সোনাজয়ী প্রথম সাঁতারু তিনি, জিতেছেন ২০০ মিটার রিলের সোনাও। ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার ফ্রি-স্টাইলে হ্যাটট্রিক রেকর্ডেরও কীর্তি গড়েছেন আমেরিকান এই মেয়ে সাঁতারু। এএফপি।
সাঁতার পুলে ফেল্প্স-ঝড়
মাতাল অবস্থায় গাড়ি চালানোর জন্য কাজানের বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে আসা হয়নি মাইকেল ফেল্প্সের। গত সেপ্টেম্বরের ওই ঘটনা অবশ্য সাঁতার পুলে তাঁর সেরাটা দেখানোর জন্য কোনো বাধা হতে পারেনি। এক দিন আগে যুক্তরাষ্ট্রের সাঁতার চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার বাটারফ্লাইয়ে বছরসেরা টাইমিংয়ের পর পরশু ১০০ মিটার বাটারফ্লাইয়েও করলেন বছরসেরা টাইমিং। ৫০.৪৫ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। এর আগে ২০০ মিটার বাটাইফ্লাইয়ে তাঁর টাইমিং ছিল ১ মিনিট ৫২.৯৪ সেকেন্ড। এএফপি, বিসিবি।

সেই গাড়িটি জব্দ
পাকিস্তানের বোলিং কিংবদন্তি ওয়াসিম আকরামের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের গাড়িটি জব্দ করেছে পাকিস্তানের পুলিশ। এর আগে পুলিশ গাড়িটির চালককে আটক করেছিল। পুলিশ জানায়, জব্দকৃত গাড়িটি পরীক্ষার জন্য ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হবে। ঘটনার মূল অভিযুক্তকে অবশ্য এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আটককৃত চালকের দাবি, ওয়াসিম আকরাম তাঁদের গাড়ির বনেটে হাত দিয়ে আঘাত করার পাশাপাশি গালাগালি করার কারণেই গুলিবর্ষণ করা হয়। এদিকে সাবেক পাকিস্তান অধিনায়কের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনীর চারজন সদস্যকে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। আইএএনএস।
ছিটকে গেলেন নেইমার
টিকা নিয়েছিলেন, তারপরও গলার ব্যথায় (মাম্পস) আক্রান্ত হয়ে ছিটকে গেলেন দলের বাইরে। দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। তার মানে আগামীকাল ইউরোপিয়ান সুপার কাপে সেভিয়ার সঙ্গে মাঠে নামা হচ্ছে না বার্সেলোনা ফরোয়ার্ডের। দর্শক হয়ে থাকতে হবে ১৪ ও ১৭ আগস্ট অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে স্প্যানিশ সুপার কাপের দুই লেগও। দুই সপ্তাহ পরে শুরু লা লিগার প্রথম ম্যাচে খেলতে পারবেন কি না, সেটা নিয়েও আছে সংশয়। ইএসপিএন।
নিউজিল্যান্ডের জয়
অভিষেকটা দুর্দান্তই হলো জর্জ ওয়ার্কারের। বাঁহাতি এই ব্যাটসম্যানের ৩৮ বলে ৬২ রানের অসাধারণ ইনিংসটাই ছিল নিউজিল্যান্ডের ১৯৮ রানের ভিত্তি। এই রানের পাহাড় টপকানো হয়নি জিম্বাবুয়ের। সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকেরা হেরে গেছে ৮০ রানে। অভিষেক ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ ওয়ার্কার দ্বিতীয় ও চতুর্থ উইকেটে মার্টিন গাপটিল এবং লুক রনকির সঙ্গে ৪৯ রানের দুটি জুটি গড়েন। জিম্বাবুয়ের বাঁহাতি স্পিনার শন উইলিয়ামস ৩ উইকেট নেন ২৮ রানে। ৮ উইকেটে ১১৮ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ক্রেগ আরভিন। ক্রিকইনফো।
পেলেগ্রিনি জানেন
তাহলে ম্যানুয়েল পেলেগ্রিনির মাথার ওপর বরখাস্ত হওয়ার অদৃশ্য একটা খড়্গ সব সময়ই আছে? দিন কয়েক আগেই চিলিয়ান কোচ আর দুই বছরের জন্য চুক্তি নবায়ন করলেন ম্যানচেস্টার সিটির সঙ্গে। অথচ তাঁরই কি না ভয়—শিরোপা জিততে না পারলে মৌসুম শেষেই বরখাস্ত হতে হবে তাঁকে। পরশু জানিয়েও দিলেন, ‘শিরোপা ছাড়া আপনি দুই বছর চলতে পারবেন না।’ তবে ইংলিশ প্রিমিয়ার লিগের গতবারের রানার্সআপ দলের কোচের বিশ্বাস, শিরোপা জয়ের সামর্থ্য তাঁর দলের আছে এবং সে সামর্থ্যে নিজেও বিশ্বাসী। গোলডটকম।