খেলার খুচরো
‘বিশ্বকোষের’ বিদায়
চলে গেলেন দুবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার নিল্টন সান্তোস। দীর্ঘদিন ফুসফুসের সংক্রমণে ভুগে সর্বকালের অন্যতম সেরা লেফটব্যাক পরশু ৮৮ বছর বয়সে মারা গেছেন রিও ডি জেনিরোর এক হাসপাতালে। ব্রাজিলের ১৯৫৮ ও ১৯৬২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন সান্তোস, রক্ষণ থেকে উঠে এসে আক্রমণ শাণাতেন। এভাবে ওভারল্যাপ করে ১৯৫৮ বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে গোলও করেছিলেন। ১৯২৫ সালে রিওতে জন্ম নেওয়া সান্তোস ক্লাব ক্যারিয়ারের পুরোটাই কাটিয়েছেন ব্রাজিলের বোটাফোগোয়। অসামান্য ফুটবলজ্ঞানের কারণে ব্রাজিলিয়ানরা তাঁকে ফুটবলের বিশ্বকোষ নামে ডাকত। ওয়েবসাইট।
মার্শাল পার্ক
ক্রিকেট ইতিহাসের সেরা ফাস্ট বোলারদের সংক্ষিপ্ত তালিকাতেও ম্যালকম মার্শালের নাম থাকবে। প্রয়াত ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার জনপ্রিয় ছিলেন পুরো ক্রিকেট-বিশ্বেই। বারবাডোজের কৃতী সন্তানকে এবার সম্মান জানাল তাঁর স্কুল দ্য পার্কিনসন মেমোরিয়াল। পরশু সাবেক ছাত্রের নামে নামকরণ করা হয়েছে স্কুলটির। ওটা এখন থেকে ম্যালকম মার্শাল মেমোরিয়াল পার্ক। একই দিনে উন্মোচিত হয়েছে নতুন করে সংস্কার করা মার্শালের আবক্ষ মূর্তিটিও। ১৪ বছর আগে কোলন ক্যানসারে মারা যাওয়া মার্শাল ৮১ টেস্টে ২০.৯৪ গড়ে নিয়েছেন ৩৭৬ উইকেট। ওয়েবসাইট।

দুর্ঘটনা
বিশ্বকাপের ভেন্যুগুলো ব্রাজিল সময়মতো প্রস্তুত করতে পারবে কি না, সেটা নিয়ে সংশয় আছে। সেই সংশয় আরও বাড়িয়ে দিল পরশুর বড় ধরনের একটি দুর্ঘটনা। সাও পাওলোর করিন্থিয়ানস স্টেডিয়ামে ক্রেন পড়ে ধসে গেছে গ্যালারির একাংশের ছাদ। প্রাণ হারিয়েছেন দুই নির্মাণশ্রমিক, আহত হয়েছে আরও কয়েকজন। দুর্ঘটনা ঘটেছে দুপুরের খাবারের সময়, নইলে হতাহতের সংখ্যা বাড়তে পারত আরও। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই মাঠেই আগামী ১২ জুন হওয়ার কথা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপের ১২টি ভেন্যুকে পুরোপুরি প্রস্তুত করতে ব্রাজিলকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ফিফা। এএফপি।
শীর্ষ দশে ব্রাজিল
বিশ্বকাপ বাছাই প্লে-অফে দুর্দান্ত খেলার পুরস্কার পেল পর্তুগাল। ফিফা র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে পাঁচে চলে এসেছে রোনালদোর দল। ব্রাজিল ঢুকেছে শীর্ষ দশে, এক ধাপ এগিয়েছে ইতালিও (৭)। স্পেন, জার্মানি, আর্জেন্টিনা, কলম্বিয়া—শীর্ষ চার আছে আগের মতোই। তবে দুটি ম্যাচ হেরে পাঁচ থেকে ১১-তে নেমে গেছে বেলজিয়াম। কোনো ম্যাচ না খেলেই এগিয়েছে বাংলাদেশ, ১৬২ থেকে ৬ ধাপ এগিয়ে উঠে এসেছে ১৫৬-তে। ফিফা ডট কম।