খেলার খুচরো
বাগিবতণ্ডা
সিডনি টেস্টের পর থেকেই কেভিন পিটারসেনকে নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। তবে এত দিন ঝামেলাটা টেস্ট কোচ ও দলের পরিচালক অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে হয়েছিল বলেই আভাস মিলছিল। এবার জানা গেল, পিটারসেনের বিতণ্ডা হয়েছিল অধিনায়ক অ্যালিস্টার কুকের সঙ্গেও। সিডনি টেস্টের পরপরই নাকি অধিনায়কের সঙ্গে সম্পর্কের অবনতি হয় কেপির। সিডনি স্টেডিয়ামের সদস্য বারে প্রথমে উত্তপ্ত বাক্যবিনিময়। অস্ট্রেলিয়ার পত্রিকা সিডনি মর্নিং হেরাল্ড-এর খবর, পরে দুজনেরই হাত নাড়ানাড়িতে ঝগড়াটা তীব্র হয়ে ওঠার ইঙ্গিত দেয়! ওয়েবসাইট।
স্বপদে আশরাফ
পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড) সভাপতির পদ ফিরে পেলেন জাকা আশরাফ। পিসিবি এক বিবৃতিতে নিশ্চিত করেছে, পরশু ইসলামাবাদ হাইকোর্ট আশরাফকে দায়িত্ব পালন করে যেতে নির্দেশ দিয়েছেন। ২০১১ সালে পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ৬১ বছর বয়সী আশরাফকে পিসিবির সভাপতি নিয়োগ দেন। কিন্তু বিতর্কিত নির্বাচনের অভিযোগের ভিত্তিতে আদালত আশরাফকে দায়িত্ব পালন থেকে সাময়িক বিরত থাকতে নির্দেশ দেন। তাঁর পরিবর্তে অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব পালন করছিলেন সাংবাদিক নাজাম শেঠি। এএফপি।
স্নাতক জিদান
খেলোয়াড়ি জীবনের ইতি টেনে ঝুঁকেছেন কোচিংয়ের দিকে। জিনেদিন জিদান বর্তমানে কাজ করছেন রিয়াল মাদ্রিদের সহকারী কোচ হিসেবে। ভবিষ্যতে দক্ষ ক্রীড়া সংগঠক হয়ে উঠতে হাতে-কলমের এই শিক্ষার পাশাপাশি ফরাসি ফুটবলের মহানায়ক বাড়িয়ে নিচ্ছেন পেশাদার জ্ঞানের ভান্ডারও। সম্প্রতি ক্রীড়া ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রি নিয়েছেন। জিদান নিজে অবশ্য এ ব্যাপারে কিছুই বলেননি। জাতীয় দলে তাঁর সাবেক সতীর্থ এবং সহপাঠী অলিভিয়ের ডেকার টুইটারে দুজনের একটা ছবি পোস্ট করেছেন। দুজনের হাতেই স্নাতক সনদ। নিচে লিখেছেন, ‘অবশেষে স্নাতক...।’ ওয়েবসাইট।