খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবাদের জয়
ক্রীড়া প্রতিবেদক  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কাল দুবাইয়ে পাপুয়া নিউগিনি অনূর্ধ্ব-১৯ দলকে ১৬৫ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। টস জিতে ব্যাটিং নিয়ে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮১ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৬৪ রান করেন ইয়াসির আলী। এরপর ৪০.৩ ওভারে ১১৬ রানেই অলআউট পিএনজি। ১০ রানে ২ উইকেট নিয়ে সেরা বোলার বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আগামীকাল শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে দলটি।
গুজব
পরশু সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ল গুজব, মাইকেল শুমাখার মারা গেছেন! অনেক দিন ধরেই অবশ্য জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন ফর্মুলা ওয়ান কিংবদন্তি। ডিসেম্বরের পর ভয়াবহ স্কি দুর্ঘটনার পর এখনো কোমায় আছেন। এর মধ্যেই এমন একটা খবর! পরে জানা গেল, খবরটা ভুয়া। গ্রেনোবলের যে হাসপাতালে আছেন, সেই হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে শুমাখার জীবিতই আছেন। ওয়েবসাইট।
শ্রীনির ভাই
একজন বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ের সর্বেসর্বা—নারায়ণস্বামী শ্রীনিবাসন। আইসিসিতে নিজের রাজত্বও নিশ্চিত করে ফেলেছেন দুদিন আগে। পরশু শ্রীনিবাসনের ছোট ভাই নারায়ণস্বামী রামচন্দ্রন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওসি)। ক্রীড়া প্রশাসনে তাঁর পদচারণ অবশ্য অনেক দিন থেকেই। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত ছিলেন আইওসির কোষাধ্যক্ষ। বিশ্ব স্কোয়াশ ফেডারেশনের সভাপতি ২০০৮ সাল থেকে। ওয়েবসাইট।
সোচ্চার ফিকা
শেষ পর্যন্ত ‘বিগ থ্রি’র বিতর্কিত প্রস্তাবপত্রই পাস হয়েছে। শুরু থেকেই এর বিরোধী ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকা এখনো সোচ্চার এর বিরুদ্ধে। সংগঠনটির প্রধান নির্বাহী পল মার্শ বলেছেন, ‘খেলাটির জন্য এটি দুঃখের দিন। আমাদের জন্য এটি ভবিষ্যতের ইঙ্গিতবাহী, যেখানে খেলাটির দীর্ঘ মেয়াদে ভালোর চেয়ে ব্যক্তিস্বার্থ ও স্বল্পমেয়াদি বোঝাপড়াই বেশি গুরুত্ব পাবে।’ এই প্রস্তাবপত্রের ব্যাপারে নানা মহল থেকে আপত্তি ওঠার পরও এটি অনুমোদন হয়ে যাওয়ায় হতাশ মার্শ জানিয়েছেন, ফিকা ও এর সদস্যরা এটির বিরুদ্ধে অবস্থানে অটল থাকবে। ওয়েবসাইট।
বর্জন
আর কদিন পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে যত বেশি ম্যাচ প্র্যাকটিস হয়, ততই ভালো। কিন্তু তার চেয়েও তো বেশি পরিবারের আর্থিক নিরাপত্তা। ম্যাচ প্র্যাকটিস বাদ দিয়ে জিম্বাবুইয়ান ক্রিকেটাররা তাই বর্জন আন্দোলনেই অবিচল। বকেয়া বেতন-ভাতা না দেওয়ায় সর্বশেষ তাঁরা বয়কট করলেন ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট। গতকাল শুরু হয়ে শনিবার টুর্নামেন্টটি শেষ হওয়ার কথা ছিল। ওয়েবসাইট।