খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোপ পরীক্ষার বিশ্বকাপ
বিশ্বকাপে ফুটবলারদের ডোপ পরীক্ষা এর আগেও করা হয়েছে। তবে সেটা বিচ্ছিন্নভাবে, দৈবচয়ন ভিত্তিতে অল্পসংখ্যক ফুটবলারের। সেদিক থেকে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ একটু ব্যতিক্রমই হয়ে থাকছে। এবার ডোপ পরীক্ষা করা হবে অংশ নেওয়া সব দলের সব খেলোয়াড়কেই এবং সেটি বিশ্বকাপ শুরুর আগেই। আগামী ১ মার্চ থেকেই শুরু হয়ে যাবে এটি। রক্ত ও মূত্র দুই ধরনের নমুনা সংগ্রহ করেই ডোপ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে, ফুটবলাররা শক্তি বা পারফরম্যান্সবর্ধক অবৈধ কিছু নিয়েছেন কি না। ওয়েবসাইট।
সেই দলই প্রতিপক্ষ!
দীর্ঘ ১৯ বছরে আলেসান্দ্রো ডেল পিয়েরো আর জুভেন্টাস হয়ে গিয়েছিল সমার্থক। নিয়তি ডেল পিয়েরোকে নামিয়ে দিচ্ছে সেই জুভেন্টাসের বিপক্ষেই! ২০১২ সালে জুভেন্টাস ছেড়ে ইতালির সাবেক স্ট্রাইকার যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার এ লিগের দল সিডনি এফসিতে। আগামী আগস্টে এই সিডনি এফপির সঙ্গেই একটা প্রীতি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে জুভেন্টাস। অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, ১০ আগস্টের ম্যাচটায় ডেল পিয়েরোও খেলবেন। এএফপি।
জনসন-তোপে
দুই ইনিংসে ১২ উইকেটই শুধু নেননি, সেঞ্চুরিয়ন টেস্টে মিচেল জনসন গতি-বাউন্সারে দক্ষিণ আফ্রিকানদের নাজেহাল করেছেন শারীরিকভাবেও! মাথায় চোট পাওয়া অলরাউন্ডার রায়ান ম্যাকলারেন তো দ্বিতীয় টেস্টে খেলতেই পারছেন না। চতুর্থ দিনে ব্যাটিংয়ের সময় জনসনের একটা বাউন্সার সরাসরি ম্যাকলারেনের হেলমেটে লাগে। একটু পর জনসনের বলেই আউট হয়ে যান। ৩০ ঘণ্টা পর দেখা দেয় মাথাব্যথাসহ নানা উপসর্গ। রোববার সন্ধ্যায় জোহানেসবার্গের একটি ক্লিনিকে ভর্তি হতে হয়েছে ম্যাকলারেনকে। ওয়েবসাইট।

মোহাম্মদ হাফিজ
মোহাম্মদ হাফিজ

হাফিজের প্রতিজ্ঞা
বিশ্বকাপে ভারত-পাকিস্তান মানেই ভারতের জয়। তা সেটি ৫০ ওভারের বিশ্বকাপ হোক বা টি-টোয়েন্টির। আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই চক্র থেকে বেরোনোর প্রতিজ্ঞার কথা শোনালেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বহু প্রতীক্ষিত এই ম্যাচটি হবে ২১ মার্চ। হাফিজ ঘোষণা দিয়ে দিয়েছেন, যেভাবেই হোক, এবার ‘ভারত-জুজু’ জয় করবেনই করবেন। ওয়েবসাইট।