খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুনি
রুনি

রুনি ইউনাইটেডেই
সপ্তাহে তিন লাখ পাউন্ড, টাকার হিসাবে প্রায় চার কোটির কাছাকাছি। এখন থেকে সপ্তাহে বিশাল এই অঙ্কের বেতন পাবেন ওয়েইন রুনি। পরশু ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেছেন, ফলে ২০১৯ পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডেই থেকে যাচ্ছেন ২৮ বছর বয়সী স্ট্রাইকার। এই চুক্তির পর রুনিই এখন ইংল্যান্ডে সবচেয়ে বেশি বেতনের ফুটবলার। ধুঁকতে থাকা ময়েসের ইউনাইটেডকে কি উজ্জীবিত করতে পারবেন ‘নতুন’ রুনি? এএফপি।
সেরাটা এখনো বাকি
আগের মৌসুমেই চার-চারটি শিরোপাজয়ী একটা দলের দায়িত্ব নেওয়া বিশাল এক চ্যালেঞ্জ। পেপ গার্দিওলা দেখাচ্ছেন সেই চ্যালেঞ্জ জেতার ক্ষমতা তাঁর আছে। দায়িত্ব নিয়ে জিতিয়েছেন উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ। গার্দিওলা বলছেন বায়ার্নের সেরাটা এখনো দেখার বাকি আছে, ‘আমরা আরও উন্নতি করতে পারি। প্রতিদিন খেলোয়াড়েরা নতুন করে ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা কোনটা ভালো পারছি ও কোনটা পারছি না সেটা নিয়ে কথা বলি। খুবই স্বাভাবিক যে আমাদের বোঝাপড়াটা বাড়বে।’ ওয়েবসাইট।
মান বাঁচল উইন্ডিজের
আইসিসির কোনো পূর্ণ সদস্যের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সুযোগ হারাল আয়ারল্যান্ড। ১৯ ফেব্রুয়ারি কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিটা আইরিশরা জেতে ১১৬ রান তাড়া করে। পরশু একই ভেন্যুতে তাদের সামনে লক্ষ্য ছিল মাত্র ৯৭ রান। কিন্তু ২০ ওভারে ৮ উইকেটে আইসিসির সহযোগী দেশটি করতে পারে ৮৫ রান। ৩৯ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন গ্যারি উইলসন। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে করে ৯৬ রান। ১৫ বলে ২ ছক্কায় সর্বোচ্চ ১৯ রান ওপেনার আন্দ্রে ফ্লেচারের। পুরো ম্যাচে ছক্কা শুধু এই দুটিই। আইরিশ পেসার অ্যালেক্স কুসাক ৪ ওভারে ১১ রান দিয়ে নেন ৪ উইকেট। তবে ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি। ওয়েবসাইট।
প্লেটের সেমিতে যুবারা
ক্রীড়া প্রতিবেদক 
বিশাল জয় নিয়েই প্লেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কাল আবুধাবিতে কানাডা অনূর্ধ্ব-১৯ দলকে ২১৭ বল হাতে রেখে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। ২৭.১ ওভারেই ৭৫ রানে অলআউট হয়েছিল কানাডা। পেসার মুস্তাফিজ ১১ রানে ৩টি ও দুই অফ স্পিনার সাঈদ সরকার ও মেহেদী হাসান পেয়েছেন ২টি করে উইকেট। ৭৬ রানের লক্ষ্য, বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম (৩৫*) ও জয়রাজ শেখ (৩৩) মিলেই তুলে ফেলেন ৭৩ রান। ১৩.৫ ওভারে লক্ষ্যে পৌঁছায় দলটি। পরশু প্লেটের সেমিফাইনালে প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
বালোতেল্লির বদল
প্রতিভাবান মারিও বালোতেল্লি মাঠে ও মাঠের বাইরে এমন সব কাণ্ডকীর্তি করেন যে তাঁকে নিয়ে সমালোচনা লেগেই থাকে। সাবেকদের কেউ কেউ বালোতেল্লিকে ‘ছিঁচকাঁদুনে’ ও দলের জন্য ‘বিষফোড়াও’ বলছেন। তবে ‘সুপার মারিও’ এই ভেবে সান্ত্বনা পেতে পারেন, অন্তত কোচ ক্লারেন্স সিডর্ফকে তাঁর পাশে পাচ্ছেন। ‘আমার সঙ্গে ওর সম্পর্ক খুবই ভালো। সে হাসিখুশি, ইতিবাচক, আচরণেও অনেক পরিবর্তন এসেছে। আমি দলে আসার পর ওর মধ্যে বিশাল পরিবর্তন দেখছি’—বলেছেন এসি মিলান কোচ। ওয়েবসাইট।