খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলে বিক্ষোভ
ব্রাজিলে বিপুল অর্থব্যয়ে বিশ্বকাপ ফুটবল আয়োজনের বিরোধিতা করে শান্তিপূর্ণ সমাবেশে প্রতিবাদ করেছিল হাজার খানেক লোক। হঠাৎই বিনা উসকানিতে হামলা করে বসে পুলিশ। কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় সমাবেশ। প্রতিবাদকারীরাও এরপর সহিংস হয়ে ভাঙতে শুরু করে গাড়ির কাচ; রাস্তায় দেয় ব্যারিকেড। পরে পুলিশ প্রায় দুই শর বেশি লোককে করেছে গ্রেপ্তার। সহিংসতায় পাঁচজন পুলিশ কর্মকর্তা ও দুজন বিক্ষোভকারী আহত হয়েছেন। ঘটনাটা পরশু ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর সাও পাওলোর। এএফপি।
ভেনাসের ‘প্রতিশোধ’
দুবাই ওপেনের ফাইনালটা ‘উইলিয়ামস বোনদের দ্বৈরথ’ হবে বলে ভাবা হচ্ছিল। শেষ পর্যন্ত তা না হলেও শিরোপা গেল উইলিয়ামস পরিবারেই। পরশু ফ্রান্সের অ্যালিজে কর্নেইকে ৬-৩, ৬-০ গেমে হারিয়ে শিরোপা জিতেছেন ভেনাস উইলিয়ামস। নিয়েছেন ছোট বোন সেরেনার হারের প্রতিশোধও। সেমিফাইনালে কর্নেই হারিয়েছিলেন সেরেনাকে। অনেকের চোখেই ‘ফুরিয়ে যাওয়া’ ৩৩ বছর বয়সী ভেনাস টুর্নামেন্টে খেলতে আসেন ওয়াইল্ড কার্ড নিয়ে। নিন্দুকদের ‘ভুল’ প্রমাণ করে সেই ভেনাসই ১৬ মাস পর পেলেন শিরোপার স্বাদ। এএফপি।
ইব্রার হ্যাটট্রিক
একের পর এক গোল করেই যাচ্ছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। চ্যাম্পিয়নস লিগে লেভারকুসেনের সঙ্গে করেছিলেন জোড়া গোল। কাল ফ্রেঞ্চ লিগে তুলুসের সঙ্গে হ্যাটট্রিকই করে ফেললেন। তুলুসকে তাই কাল ৪-২ গোলে হারিয়েছে পিএসজি। অন্য গোলটি করেছেন এজেকুয়েল লাভেজ্জি। এ নিয়ে মৌসুমে ২২ গোল হয়ে গেল ইব্রার। আর ২৬ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে পিএসজি রইল সবার ওপরে। এএফপি।
যুবাদের সেমিফাইনাল
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল-যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে আজ। দুবাইতে আজ প্রথম সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ড। পরশু দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। কাল কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া (২০৯/৫) ৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে (২০৮) ও দক্ষিণ আফ্রিকা (১৯৮/১) ৯ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে (১৯৭)। পাকিস্তান (২৭৯/৯) ১২১ রানে শ্রীলঙ্কাকে (১৫৮) এবং ইংল্যান্ড (২২২/৭) ৩ উইকেটে ভারতকে (২২১) হারিয়ে সেমিফাইনালে ওঠে আগের দিনই। তথ্যসূত্র: ক্রিকইনফো।