খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ রিভালদোর ক্লাব

বর্ণবাদের অভিযোগে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে রিভালদোর ক্লাব মগি মিরিমের স্টেডিয়ামকে। বিশ্বের নানা প্রান্ত ঘুরে ৪১ বছর বয়সী রিভালদো গত ডিসেম্বরে মগি মিরিম ক্লাবে নাম লিখিয়ে সভাপতিও হয়েছেন। বুধবার সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপ ম্যাচে সান্তোসের মিডফিল্ডার অরুকার উদ্দেশে ‘বাঁদর’ ‘বাঁদর’ বলে চিৎকার করে মগি মিরিমের সমর্থকেরা। ব্রাজিলের বিশ্বকাপজয়ী খেলোয়াড়ের প্রতিক্রিয়া, ‘যদি সান্তোসের অরুকার সঙ্গে বর্ণবাদী কিছু ঘটে থাকে, তাহলে ওই লোকদের এই আচরণের বিরুদ্ধে আমি। কারণ আমরা সবাই সমান।’ তবে ক্লাবকে নিষিদ্ধ করাটা মানতে পারছেন না, ‘ক্লাবকে শাস্তি দেওয়ার সঙ্গে আমি একমত নই—আমরা দর্শকদের মুখ তো বেধে রাখতে পারব না।’ এএফপি।

বার্সায় স্টেগেন!

ভিক্টর ভালদেস এই মৌসুম শেষেই ন্যু ক্যাম্প ছাড়ছেন। বার্সেলোনা অনেক দিন থেকেই তাঁর উত্তরসূরি খুঁজছিল। গোল ডট কম জানিয়েছে, সেটা তারা পেয়ে গেছে। জার্মান ক্লাব বরুসিয়া মনশেনগ্লাডবাখের ২১ বছর বয়সী গোলরক্ষক টের স্টেগেনকে নিয়ে আসছে বার্সা। দুই ক্লাবের মধ্যে আনুমানিক ১ কোটি ২০ লাখ ইউরোর চুক্তিও হয়ে গেছে। তবে লা লিগা শেষ হওয়ার আগে ঘোষণা আসছে না। ২০১০ সালে অভিষেকের পর ম’গ্লাডবাখের হয়ে এক শর বেশি ম্যাচ খেলে ফেলেছেন স্টেগেন। ওয়েবসাইট।

বিস্ময় গোলরক্ষক!

১৩ বছর বয়সে গ্লাভস হাতে ঠিকঠাক অভ্যস্ত হওয়াটাই একটা চ্যালেঞ্জ। অথচ জশুয়া রাইকে নিয়ে রীতিমতো চলল কাড়াকাড়ি। এভারটন ও লিভারপুল পেতে চেয়েছিল এই বিস্ময় গোলরক্ষককে। আগ্রহী ছিল অ্যাটলেটিকো মাদ্রিদও। এই তিন দলে ট্রায়ালও দিয়েছে এই বয়সেই ৬ ফুট ১ ইঞ্চির রাই। শেষ পর্যন্ত স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিকই তাঁকে পেল। স্কটল্যান্ডেরই দ্বিতীয় বিভাগের ক্লাব হ্যামিল্টনের আবিষ্কার রাই। এখনো পেশাদার অভিষেক হয়নি। এই বয়সেই সে হ্যামিল্টনের অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছে। এএফপি।

গুজব

স্প্যানিশ গণমাধ্যমের খবর, লিওনেল মেসিকে পেতে বিশাল অঙ্কের প্রস্তাব দিতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। তবে সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি খবরটিকে গুজব বলেই উড়িয়ে দিলেন। মেসিকে নেওয়ার কোনো পরিকল্পনা নাকি সিটির নেই। চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগটি খেলতে কাল বার্সেলোনায় যাচ্ছে সিটি। কিন্তু পেলেগ্রিনি ডাগ-আউটে থাকতে পারবেন না। রেফারির সমালোচনা করে দুই দফায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। প্রথমে নিষিদ্ধ হয়েছিলেন দুই ম্যাচ, পরে এক ম্যাচ। প্রথম লেগে লাল কার্ড-পেনাল্টির জন্য সিটি কোচ কিন্তু রেফারির সমালোচনা করেছেন আবারও! ওয়েবসাইট।

অলৌকিক আশা!

তাঁর পরিবার এখনো আশায় বুক বেঁধে আছে। মাইকেল শুমাখারের জেগে ওঠার প্রত্যাশায় রয়েছেন ভক্ত-সমর্থকেরাও। কিন্তু আদৌ কি কোনো দিন ঘুম ভাঙবে সাতবারের ফর্মুলা ওয়ানজয়ী জার্মান রেসারের? দুঃসংবাদটা দিয়েছে ইংল্যান্ডের ডেইলি মেইল। জার্মান এক সাংবাদিকের বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, প্রায় হাল ছেড়ে দিয়েছেন চিকিৎসকেরা। শুমাখারকে জাগিয়ে তুলতে নাকি আর নতুন কিছুই করার নেই তাঁদের। এখন অলৌকিক কিছুই শুধু পারে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে জাগিয়ে তুলতে। নির্মম এই সত্যটা নাকি ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে শুমাখারের পরিবারকে। শুমাখারের ব্যক্তিগত সহকারী সাবিনা কেম অবশ্য এই খবরের সত্যতা স্বীকার করেননি। ওয়েবসাইট।