খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রদ্রিগেজের স্বপ্নভঙ্গ

স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়ার সময় বোঝা যাচ্ছিল, গুরুতর চোট পেয়েছেন হাঁটুতে। সেই চোটই বিশ্বকাপ খেলার স্বপ্ন কেড়ে নিয়েছে জে রদ্রিগেজের। ব্রাজিল যেতে পারছেন না ২৪ বছর বয়সী সাউদাম্পটনের ইংলিশ স্ট্রাইকার। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। এই মৌসুমে ১৭ গোল করে বিশ্বকাপ অভিযাত্রী হওয়ার দাবি জোরালোই করেছিলেন। গত বছরের নভেম্বরে ইংল্যান্ডের জার্সি গায়ে অভিষেক চিলির বিপক্ষে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে গত শনিবারের ম্যাচটা রদ্রিগেজকে ঠেলে দিয়েছে দুঃস্বপ্নের ঘেরাটোপে। শিগগির যেতে হবে শল্যবিদের ছুরির নিচে। এএফপি।

Untitled-5
Untitled-5

কোচ হ্যারিস
পুরোনো শত্রু হাঁটুর চোট কম ভোগায়নি ক্যারিয়ারে। গত মাসে তো অস্ত্রোপচার করাতে হয়েছে। সেসব সামলে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার রায়ান হ্যারিস এখন আছেন সেরে ওঠার প্রক্রিয়ায়। অস্ট্রেলিয়ার পরের টেস্ট সিরিজ আগামী অক্টোবরে, প্রতিপক্ষ পাকিস্তান। আপাতত তাই মন দিচ্ছেন কোচিংয়ে। অস্ট্রেলিয়ার ‘এ’ দলে সহকারী কোচ হিসেবে কাজ করবেন এই সময়ে। জুলাই ও আগস্টে ভারত ও দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের সিরিজ আছে অস্ট্রেলিয়া ‘এ’ দলের। সেটির জন্য তরুণ ফাস্ট বোলার মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের দীক্ষা দেবেন মধ্য ত্রিশে পা রাখতে যাওয়া হ্যারিস। ওয়েবসাইট।

সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা রাফায়েল নাদাল এবার অন্যরকম স্বীকৃতি পেলেন। এক জরিপে স্পেনের সেরা অ্যাথলেট নির্বাচিত হয়েছেন নাদাল। পেছনে ফেলেছেন ইকার ক্যাসিয়াস, ফার্নান্দো আলোনসো, পল গ্যাসলদের মতো তারকাদের। স্পেনের একটি বিপণন সংস্থার করা জরিপে এসেছে এই ফল। শুধু স্পেনে নয়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়াসহ আরও অনেক দেশেও হয়েছে ভোট। ৭৫ শতাংশ ভোট গেছে নাদালের পক্ষে। ইউরোপে অবশ্য নাদাল ও ফর্মুলা ওয়ান রেসার আলোনসোর বাক্সে প্রায় সমান সমান ভোটই পড়েছে। নাদাল ছাড়িয়ে গেছেন অন্য মহাদেশগুলোতে। ওয়েবসাইট।

মেসির আহ্বান

বিশ্বের প্রায় ৬০ থেকে ৮০ লাখ লোক ভুগছে দুরারোগ্য চাগাস রোগে। এই রোগের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিলেন এবার লিওনেল মেসি। ফুটবলের পাশাপাশি সামাজিক কাজেও সময় দেন ইউনিসেফের শুভেচ্ছাদূত মেসি। পরশু ছিল বিশ্ব স্বাস্থ্য দিবস। সেদিন এক ভিডিওবার্তায় বার্সেলোনা ফরোয়ার্ড বলছিলেন, ‘প্রতিবছর শিশুসহ লাখ লাখ লোক এই রোগে আক্রান্ত হচ্ছে। অনেকে মারাও যাচ্ছে। এর সঙ্গে লড়তে হলে আমাদের আরও প্রস্তুতি নিতে হবে। সুচিকিৎসার ব্যবস্থাও থাকা চাই।’ এএফপি।