খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোল ভল্টার
পোল ভল্টার

হুকারের অবসর
বয়স হয়ে গিয়েছিল ৩১। তবে স্টিভ হুকারের অবসর নেওয়ার কারণ কিন্তু শারীরিক নয়। মানসিক অবসাদে ভুগছিলেন বলেই বিদায় বলে দিলেন অলিম্পিকে সোনাজয়ী এই অস্ট্রেলিয়ান পোল ভল্টার। কাল সংবাদমাধ্যমকে হুকার জানিয়েছেন, ‘আমি সত্যি সত্যি মনে করেছিলাম শরীরটাই বিগড়ে বসবে, কিন্তু হয়েছে তার উল্টো।’ ২০০৮ বেইজিং আসরে ৫.৯৬ মিটারের অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জেতেন। ২০০৯ সালে জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপও। রেনো লাভিলেনি ও সের্গেই বুবকার পর পোল ভল্টে সর্বকালের তৃতীয় সেরা রেকর্ডও কিন্তু হুকারের। ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত পোল ভল্টে সব ধরনের শিরোপা ছিল তাঁরই দখলে। এএফপি।
বার্সার আপিল
কঠিন সময় যাচ্ছে বার্সেলোনার। ফিফার নিষেধাজ্ঞা অনুযায়ী ১৪ মাস কোনো খেলোয়াড় কেনাবেচা করতে পারবে না কাতালান ক্লাব। অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের দলে নিতে নীতিমালা ভঙ্গ করার কারণেই এই শাস্তি। বার্সা আগেই জানিয়েছিল, শিগগিরই ফিফার কাছে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আপিল করবে। স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে পরশু তারা সেটি করেছে। ফিফার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য কূটনৈতিক পর্যায়েও চেষ্টা করে যাচ্ছে। তবে তার আগে তারা যে ফিফা আইনের ১৯ নম্বর অনুচ্ছেদটা ভঙ্গ করেছিল সেটি স্বীকার করতে হবে। এসবেও যদি কাজ না হয়, তাহলে ধারে অন্য ক্লাবে পাঠানো খেলোয়াড়দের বার্সা ফিরিয়ে আনার অনুমতি চাইবে ফিফার কাছে। ওয়েবসাইট।

আমির
আমির

আমিরের দুর্ভাগ্য
নিষেধাজ্ঞা শিথিল করার আশ্বাস দিয়েছে আইসিসি। স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পাওয়া আমির তাই মেয়াদ শেষের আগেই খেলতে পারবেন প্রথম শ্রেণীর ক্রিকেটে। তবে দুর্ভাগ্য তাঁর, প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটে শাস্তি শেষ হওয়ার আগে ফেরার সুযোগ পাচ্ছেন না তিনি। ওই নিষেধাজ্ঞা শেষ হবে আগামী বছর আগস্টে। এ নিয়ে আইসিসির কাছে তদবির করেও কোনো লাভ হয়নি। আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় বিশ্বকাপে তাই খেলা হচ্ছে না পাকিস্তানের এই বাঁহাতি পেসারের। ওয়েবসাইট।
মেসির নতুন চুক্তি!
মাঠে তাঁর সময়টা উত্থান-পতনে ভরা। তবে আর্থিক দিক দিয়ে শিগগিরই হয়তো একটি সুসংবাদ পাচ্ছেন লিওনেল মেসি। মার্কা জানিয়েছে, বার্সার সঙ্গে নতুন চুক্তি হওয়ার খুব কাছাকাছি আছেন বার্সা ফরোয়ার্ড। আর সেটি হলে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাপিয়ে মেসিই হবেন বিশ্বের সবচেয়ে বেশি বেতনের খেলোয়াড়।
বর্তমান চুক্তিতে মেসি কর বাদ দিয়ে প্রতি মৌসুমে পান এক কোটি ৬৫ লাখ ইউরো। কিন্তু নতুন চুক্তি হলে সেটি হবে মৌসুমপিছু এক কোটি ৯০ লাখ থেকে দুই কোটি ইউরোর কাছাকাছি একটা অঙ্ক। দুটি ব্যাপারে মতৈক্যে পৌঁছানোর পরেই চুক্তিটা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বার্সেলোনা মেসির ‘ইমেজ-স্বত্ব’ থেকে কোনো অংশ না নিতে রাজি হয়েছে। ওয়েবসাইট।
মৌসুম শেষ রুনির!
লিগ জয় দূরে থাক, শীর্ষ চারের মধ্যে থেকে আগামী চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাওয়াটাও হবে অলৌকিক ব্যাপার। এবারের চ্যাম্পিয়নস লিগ শেষ হয়ে গেছে শেষ আটেই। মৌসুম শেষের আগে ইউনাইটেডের জন্য আরেকটা দুঃসংবাদ—চোটের কারণে লিগের বাকি ম্যাচগুলো আর খেলতে পারবেন না দলের বড় নির্ভরতা ওয়েইন রুনি। পায়ের বুড়ো আঙুলের চোট বাকি মৌসুমের জন্যই রুনিকে মাঠের বাইরে ঠেলে দিয়েছে বলে খবর ইংলিশ সংবাদমাধ্যমের। লিগে বাকি আর মাত্র পাঁচটি ম্যাচ। লক্ষ্য এখন একটাই—পরের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করা। রুনির অনুপস্থিতিতে কঠিন এই লক্ষ্যটা ইউনাইটেড পূরণ করতে পারবে কি না বলবে সময়। ওয়েবসাইট।