খেলার খুচরো
বাবা ফেদেরার
২৫ মে থেকে ৮ জুন পর্যন্ত অনুষ্ঠেয় এবারের ফ্রেঞ্চ ওপেনে খেলা না-ও হতে পারে রজার ফেদেরারের। কারণ, পরিবারে নতুন ‘জোড়া অতিথি’র আগমন। গত বড়দিনের আগেই ঘোষণা দিয়েছিলেন, আবারও যমজ সন্তানের বাবা হতে যাচ্ছেন। দিনক্ষণটা এখনো খোলাসা করেননি ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক। তবে মন্টে কার্লো মাস্টার্সে বুধবার রাদেক স্তেপানেককে হারানোর পর শুধু এটুকুই জানিয়েছেন, ‘সেখানে থাকা এবং স্ত্রীকে সময় দেওয়াটাই আমার কাছে অগ্রাধিকার পাচ্ছে। জীবনে আমি এত টেনিস খেলেছি যে একটা টুর্নামেন্ট কিংবা একটা ম্যাচ না খেললে আমার কিছুই আসে যায় না।’ এর আগে ২০০৯ সালে যমজ কন্যাসন্তানের বাবা হন ফেদেরার। এএফপি।
আবার বায়ার্ন-ডর্টমুন্ড
বায়ার্ন মিউনিখের সামনে প্রতিশোধের সুযোগ। বুন্দেসলিগার ফিরতি ম্যাচে যাদের হাতে নাস্তানাবুদ হয়েছিল, ৭ ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করা বায়ার্ন হেরেছিল ০-৩ গোলে, সেই বরুশিয়া ডর্টমুন্ডকেই তারা এবার পাচ্ছে জার্মান কাপের ফাইনালে। পরশু সেমিফাইনালে কাইজারস্লটার্নকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে ইউরোপ চ্যাম্পিয়নরা। গোল করেছেন বাস্তিয়ান শোয়েনস্টেইগার, টনি ক্রুস, টমাস মুলার, মারিও মানজুকিচ ও মারিও গোটশে। এর আগের দিন ভলফসবুর্গকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইয়ুর্গেন ক্লপের ডর্টমুন্ড। ১৭ মে জার্মান কাপের ফাইনাল হবে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে। এএফপি।
বিদ্রোহের অবসান নেপালে
পরশু রাতে নেপালের ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিষদের মধ্যস্থতায় বোর্ড ও খেলোয়াড়দের বৈঠকে ক্রিকেটে পরিকল্পনা প্রণয়ন ও তদারকির জন্য একটি কমিটি গঠন হওয়াতেই ক্রিকেট-বিদ্রোহ থেমে গেছে। খেলায় ফিরেছেন নেপালি ক্রিকেটাররা। পাঁচ সদস্যের কমিটিতে বোর্ড, মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদের একজন করে এবং জাতীয় দলের অধিনায়ক পরশ খাড়কা ও কোচ পুবুদু দেসানায়েকে আছেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) সচিব অশোক নাথ পিয়াকুরাইয়াল জানিয়েছেন, বকেয়া বেতন ও অলরাউন্ডার পৃথু বাসকোটার চিকিৎসাসংক্রান্ত ঝামেলাটা আগেই মিটে গেছে। ওয়েবসাইট।
নাদালের ৩০০
ইতালির আন্দ্রেয়া সেপ্পিকে মাত্র ৯৩ মিনিটে হারিয়ে রাফায়েল নাদাল উঠে গেলেন শেষ আটে। মন্টে কার্লো মাস্টার্সে কাল ৬-৪, ৬-১ গেমে এ জয়ের মাহাত্ম্যটা স্প্যানিশ তারকার কাছে অন্য রকম। ক্লে-কোর্টে এটি যে তাঁর ৩০০তম জয়। মন্টে কার্লোয় আটবারের চ্যাম্পিয়ন নাদালের আগে ক্লে-কোর্টে তিন শ জয়ের মাইলফলক ছুঁয়েছেন মাত্র ১০ জন। সর্বশেষ কার্লোস ময়া; ২০০৭ সালে অবসরে যাওয়া নাদালের স্বদেশি টেনিস তারকা ক্যারিয়ার শেষ করেছেন ৩৩৭ জয় নিয়ে। এএফপি।