খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোচের বদলে পিটার্স
সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনেই চোট পেয়েছিলেন ডান অ্যাঙ্কেলে। সিরিজের বাকি দুই টেস্টে আর মাঠে নামা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ পেসার কেমার রোচের। তাঁর জায়গায় উড়িয়ে নেওয়া হয়েছে কেনরয় পিটার্সকে। বয়স ৩২ হলেও এখনো টেস্ট অভিষেক হয়নি এই বাঁহাতি পেসারের। এ বছর ওয়েস্ট ইন্ডিজের চার দিনের ঘরোয়া প্রতিযোগিতায় সবচেয়ে বেশি উইকেট তাঁর। পরশু পোর্ট এলিজাবেথে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। রয়টার্স।
সুপার কাপ নাপোলির
টাইব্রেকার-ভাগ্যটা রাফায়েল বেনিতেজের মন্দ নয়। ২০০৫ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিভারপুলের হয়ে এসি মিলানের সঙ্গে সেই মহাকাব্যিক জয়টা তো ফুটবল পুরাণেরই অংশ হয়ে গেছে। তবে পরশু নাপোলি কোচ যেভাবে জিতলেন, তাতে টাইব্রেকার-দেবীর আলাদা কৃপাদৃষ্টি তাঁর ওপর আছে বলতেই হবে। জুভেন্টাসের সঙ্গে নির্ধারিত সময়ের খেলা ২-২ হওয়ার পর টাইব্রেকার। সেটি সাডেন ডেথে গড়ানোর পর জুভেন্টাস দুবার জেতার সুযোগ পেয়েও তা নষ্ট করেছে। শেষ পর্যন্ত ৬-৫ গোলে জিতে সুপার কাপ নাপোলির। এএফপি।
খেপেছেন ইব্রা!
সুইডেনের সর্বকালের সেরা ক্রীড়াবিদদের তালিকায় দ্বিতীয় হতে পারাটা নিশ্চয় সম্মানের। কিন্তু লোকটা জ্লাতান ইব্রাহিমোভিচ বলেই সেটাকে শুধু ফিরিয়ে দিচ্ছেন না, প্রকাশ করেছেন ক্ষোভও, ‘ধন্যবাদ, কিন্তু দ্বিতীয় হওয়া আর সবার শেষে থাকা একই কথা। অন্য সবার প্রতি সম্মান রেখেই বলছি, আমি ওই তালিকার এক, দুই, তিন, চার, পাঁচ সবই হতাম।’ এখন নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, সুইডিশ দৈনিক ডাগেনস নাইহেটার-এর জরিপে এক নম্বর হয়েছেন কে? সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় বিয়ন বর্গকে নিয়েই বা কীভাবে প্রশ্ন তুলবেন! ইএসপিএন।