খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার সুপ্রিম কোর্টে
মহারাষ্ট্রে চলছে তীব্র খরা, তার মধ্যেই আইপিএলের ম্যাচ। আর ম্যাচ চালাতে গিয়ে উইকেট রক্ষণাবেক্ষণের জন্য খরচ করা হচ্ছে গ্যালন-গ্যালন পানি। এ নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থা মামলা করে দেওয়ার পর ১ মে থেকে মহারাষ্ট্রে পূর্বনির্ধারিত ১৩টি ম্যাচ অন্যত্র সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন বোম্বে হাইকোর্ট। তবে বসে নেই আইপিএল কর্তৃপক্ষও। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ও মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন এবার বোম্বে হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে বিশেষ লিভ পিটিশন দাখিল করেছে ভারতের সুপ্রিম কোর্টে। ইন্ডিয়ান এক্সপ্রেস।
সেরা দলে নেই ওজিল
গোল করাটা তাঁর মূল কাজ নয়, কাজটা গোল করানো। সেই পরিসংখ্যান বিবেচনায় নিলে এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে মেসুত ওজিলের কাছাকাছি কেউ নেই। সবচেয়ে বেশি ১৮টি অ্যাসিস্ট, সঙ্গে ৬টি গোলও আছেই। তারপরও আর্সেনালের জার্মান উইঙ্গারের জায়গা হলো না পিএফএর মৌসুম-সেরা (২০১৫-১৬) একাদশে। গতকাল প্রকাশিত দলে লিগের শীর্ষ দুই দল লেস্টার সিটি ও টটেনহাম থেকেই আছেন চারজন করে আটজন। বাকি তিনজন আর্সেনাল ডিফেন্ডার হেক্টর বেলেরিন, ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া ও ওয়েস্ট হামের মিডফিল্ডার দিমিত্রি পায়েট। গোলডটকম।
কাতার নিয়ে ফিফা
২০২২ বিশ্বকাপের আয়োজন স্বত্ব পাওয়ার পর থেকেই সমালোচনার মুখে পড়েছে কাতার। প্রচণ্ড গরমের বিষয়টি তো ছিলই, পাশাপাশি কাতারের স্টেডিয়াম নির্মাণশ্রমিকদের মানবিক অধিকার নিয়েও প্রশ্ন উঠেছিল। এত দিন বলা হচ্ছিল, ফিফা এ বিষয়ে উদাসীন। অবশেষে একটি ‘পর্যবেক্ষণ প্যানেল’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। কাতারের একটি স্টেডিয়াম ও শ্রমিকদের আবাসন পরিস্থিতি ঘুরে দেখার পর গতকাল ফিফার নবনির্বাচিত সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা দিয়েছেন, নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ফিফার কয়েকজন কর্মকর্তাকে নিয়ে গঠিত হবে এই প্যানেল। এবিসি নিউজ।