খেলার খুচরো
ফিরছেন রোনি
ক্যাম্পিওনাতো ব্রাজিলেরোয় অ্যাটলেটিকো মিনেইরোর শেষ ম্যাচ আগামী রোববার। সব ঠিক থাকলে ওই ম্যাচেই চোট কাটিয়ে ফিরবেন রোনালদিনহো। গত সেপ্টেম্বরে অনুশীলনে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে সাবেক ফিফা বর্ষসেরা। তাঁর ফেরার আগাম খবর জানিয়েছেন মিনেইরোর কোচ কুকা, ‘পরের ম্যাচেই আমরা তাকে পাচ্ছি। তবে পুরো ৯০ মিনিট পাব কি না তা জানি না।’ ‘রোনি’কে ফিফা ক্লাব বিশ্বকাপেই লাগবে মিনেইরোর। কোপা লিবার্তাদোরেস জিতে ১১-২১ ডিসেম্বর মরক্কোয় অনুষ্ঠেয় মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নদের টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে মিনেইরো। ওয়েবসাইট।

ক্লার্ক আছেন
বড় একটা দুঃসংবাদ ‘আসি আসি’ করেও আসেনি অস্ট্রেলিয়ার কাছে। কাল অনুশীলনের সময় ডান অ্যাঙ্কেল মচকে যায় অধিনায়ক মাইকেল ক্লার্কের। তবে পরে দেখা গেল সেটা গুরুতর কিছু নয়। সামান্য খোঁড়ালেও নেটে ঠিকই ব্যাট করেছেন। ‘অ্যাশেজ পুনরুদ্ধার মিশনের’ নেতাকে হারিয়ে ফেললে অস্ট্রেলিয়ার জন্য সেটি হতো বড় ধাক্কা। ব্রিসবেনে প্রথম টেস্টেই দলকে সামনে থেকে নেতৃত্বে দিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি করে। ক্রিকেট অস্ট্রেলিয়া স্বস্তির খবরটা জানিয়েছে টুইট করে, ‘সে (ক্লার্ক) নেট সেশন শেষ করেছে এবং ঠিক আছে।’ পরশু অ্যাশেজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে অ্যাডিলেডে। এএফপি।
‘বর্ষসেরা’ ফাওয়াদ
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগেই তিনি খবর। অস্ট্রেলিয়া ক্রিকেট দলে তাঁর প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় বিশেষ ব্যবস্থায় পেয়েছেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব। পাকিস্তানি বংশোদ্ভূত ফাওয়াদ আলম আবারও শিরোনামে, হয়েছেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা মুসলিম ক্রীড়াবিদ। এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেটে অভিষিক্ত ফাওয়াদ এই খেতাব জিতেছেন ন্যাশনাল রাগবি লিগে সিডনি রুস্টার্সের হয়ে খেলা সনি বিল উইলিয়ামস ও অস্ট্রেলিয়ান ফুটবল লিগের বাখার হোউলিকে পেছনে ফেলে। এএফপি।

পিটার গ্রাফের মৃত্যু
উন্মুক্ত যুগের মহিলা টেনিসে যাঁর সর্বোচ্চ ২২টি একক শিরোপা, সেই স্টেফি গ্রাফের সাবেক কোচ ও ম্যানেজার ছিলেন পিটার গ্রাফ। তবে এসব ছাপিয়ে তাঁর বড় পরিচয়—স্টেফির বাবা। সেই পিটার গ্রাফ আর নেই। ঘাতক ব্যাধি ক্যানসারে ভুগে ৭৫ বয়সী পিটার পরশু চলে গেছেন না-ফেরার দেশে। ১৯৯৭ সালে কর ফাঁকির অভিযোগে এক বছর কারাদণ্ড হওয়ার পর মেয়ে স্টেফির সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল তাঁর। পরে অবশ্য সম্পর্ক জোড়া লেগেছিল। স্বামী আন্দ্রে আগাসিকে নিয়ে স্টেফি আমেরিকায় থাকলেও পিটার থাকতেন জার্মানিতেই। ওয়েবসাইট।
রিয়ালেই রামোস
বার্নাব্যুতে সুখে নেই সার্জিও রামোস, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না। এরই জেরে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন স্প্যানিশ ডিফেন্ডার। দলবদলের জানুয়ারি পর্বকে সামনে রেখে ডালপালা মেলছিল গুঞ্জনটা। তবে সেটিকে আর বাড়তে দিলেন না রামোস। পরশু স্পষ্ট জানিয়ে দিলেন, শিগগিরই রিয়াল মাদ্রিদ ছাড়ার কোনো ইচ্ছে তো তাঁর নেই-ই, বরং অবসরটা পারলে নেবেন রিয়ালের সাদা জার্সি গায়েই। স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস রামোসকে উদ্ধৃতি করেছে ঠিক এভাবে, ‘আমি আবারও বলছি চুক্তি নিয়ে আমাদের (পেরেজের সঙ্গে) কোনো মতানৈক্য নেই। চুক্তিটা আরও তিন বছর আছে। আমি বেশ নির্ভার, চলে যাওয়ার কোনো ইচ্ছে নেই।’ ওয়েবসাইট।
জামশেদ বাদ
শেষ ১৬ ম্যাচে ফিফটি নেই একটিও। পাকিস্তানি ওপেনার নাসির জামশেদের ওপরে খাঁড়া ঝুলছিল অনেক দিন ধরেই। সেটা এবার নেমে এল। রানখরায় থাকা এই ব্যাটসম্যানকে বাদ দিয়েই আফগানিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের দল ঘোষণা করেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা সফরের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার আবদুর রেহমানও। জামশেদের পরিবর্তে শারজিল খান ও রেহমানের জায়গায় দলে ঢুকেছেন জুলফিকার বাবর। ৮ ডিসেম্বর শারজায় আফগানিস্তান এবং ১১ ও ১৩ ডিসেম্বর দুবাইয়ে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ তিনটি খেলবে পাকিস্তান। এএফপি।