খেলার খুচরো
বাজে শুরু সিদ্দিকুরের
ক্রীড়া প্রতিবেদক কাল এশিয়ান ট্যুরের হংকং ওপেনের প্রথম রাউন্ডে পারের চেয়ে ১ শট বেশি খেলে যৌথভাবে ৭০তম স্থানে আছেন সিদ্দিকুর রহমান। পারের চেয়ে ৬ শট কম খেলে এককভাবে শীর্ষে আছেন আয়ারল্যান্ডের ডেভিড হিগিন্স। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।
চ্যাম্পিয়ন পাইরেটস
চট্টগ্রাম অফিস সিজেকেএস টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেটের প্রথম আসরের শিরোপা জিতেছে পাইরেটস অব চিটাগং। গতকাল ফাইনালে তারা এফএমসিকে হারিয়েছে ৩৭ রানে। ম্যাচসেরা নাসিরের ৬৩ রানের সুবাদে পাইরেটস করে ৮ উইকেটে ১৫৫। জবাবে ৯ উইকেটে ১১৮ রানে গুটিয়ে যায় এফএমসি। সাকিব সর্বোচ্চ ৩০ রান করেন। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সাকিব।
দর্শক বাংলাদেশ!
ক্রীড়া প্রতিবেদক বাংলাদেশ গেমসে মেয়েদের বিভাগে ত্রিমুকুট জিতেছিলেন, সামার ওপেনে দ্বিমুকুট। কিন্তু ঢাকায় অনুষ্ঠানরত আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালও পার হতে পারেননি শাপলা আক্তার। শুধু শাপলাই নন, বাংলাদেশের সব খেলোয়াড়ই এখন টুর্নামেন্টে দর্শক। জাতীয় চ্যাম্পিয়ন এনামুল হক ও বাংলাদেশ গেমসের সোনাজয়ী আইমান ইবনে জামানও হেরে গেছেন পুরুষ এককের প্রথম রাউন্ডেই।
আরও ৯টি সোনা
ক্রীড়া প্রতিবেদক অস্ট্রেলিয়ায় স্পেশাল অলিম্পিক এশিয়া প্যাসিফিক গেমসে কাল আরও ৯টি সোনার পদক উঠেছে বাংলাদেশের খেলোয়াড়দের গলায়। ব্যাডমিন্টন, টিটি, সাঁতার ও অ্যাথলেটিকস ছাড়াও সোনা এসেছে ক্রিকেটে। এ পর্যন্ত বাংলাদেশ ১৬টি সোনা, ৬টি রুপা ও ৫টি ব্রোঞ্জ জিতেছে।