খেলার খুচরো
হ্যাটট্রিক চ্যাম্পিয়ন
মহিলা কাবাডি বিশ্বকাপে গত দুবারের চ্যাম্পিয়ন ভারত। এবারেরও ফেবারিট দলটি ফাইনালে পেয়েছিল অভিষিক্ত নিউজিল্যান্ডকে। ফলাফল, একপেশে ফাইনাল জিতে ‘হ্যাটট্রিক’ চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা। ফাইনালের স্কোর—৪৯-২১। পরশু জলন্ধরের এই সাফল্যে বিশ্বসেরার মুকুটসহ ভারতীয় মেয়েরা প্রাইজমানি হিসেবে পেয়েছে এক কোটি রুপি! পিটিআই।
জেরার্ড-ফন পার্সির চোট
গত শনিবার ওয়েস্ট হামের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ম্যাচের ৫৬ মিনিটে। জানা গেছে স্টিভেন জেরার্ডের চোটটা গুরুতর। লিভারপুল অধিনায়ককে মাঠের বাইরে থাকতে হবে অন্তত এক মাস। পুরোপুরি সেরে উঠতে ছয় সপ্তাহও লেগে যেতে পারে। ঊরুর চোট এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে দিল রবিন ফন পার্সিকেও। গত মঙ্গলবার শাখতার দোনেৎস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চোট পান ইউনাইটেডের ডাচ স্ট্রাইকার। ঊরুতে। লিগে এমনিতেই দলের দুঃসময় চলছে, পার্সিকে হারানোয় কোচ ডেভিড ময়েসের দুশ্চিন্তা বাড়ল। রয়টার্স।
বায়ার্নে চোখ গুয়াংজুর
পাঁচবারের ইউরোপ-সেরা বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নও। প্রতিপক্ষ হিসেবে তাদের যেকোনো দলই এড়িয়ে যেতে চাইবে। কিন্তু মরক্কোয় ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে আসা মার্সেলো লিপ্পির গুয়াংজু এভারগ্রান্ডের লক্ষ্য বায়ার্নের বিপক্ষে খেলা! আকাঙ্ক্ষা অবশ্য বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ। আজ মিসরের আল আহলিকে হারাতে পারলেই তারা উঠবে সেমিফাইনালে, যেখানে প্রতিপক্ষ বায়ার্ন। জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামতে গুয়াংজুর ব্রাজিলিয়ান খেলোয়াড় মুরিকির যেন তর সইছে না, ‘তারা বিশ্বমানের দল, তবে তাদের বিপক্ষে আমরা আমাদের খেলাটাই খেলব।’ ওয়েবসাইট।

আরও চার বছর
কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের পারফরম্যান্সে দারুণ খুশি যুক্তরাষ্ট্রের ফুটবল প্রশাসন। এতটাই যে, ব্রাজিল বিশ্বকাপে দলের সম্ভাব্য ফলাফলের তোয়াক্কা না করেই জার্মান কোচের সঙ্গে ২০১৮ পর্যন্ত চুক্তি নবায়ন করেছে। বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০১৪ পর্যন্ত। নতুন চুক্তিতে তাঁর ভূমিকা কোচ ও যুক্তরাষ্ট্র ফুটবলের টেকনিক্যাল ডিরেক্টরের। রয়টার্স।