খেলার খুচরো
মিনেইরোতেই রোনালদিনহো
তাঁকে পাওয়ার জন্য তুর্কি ক্লাব বেসিকতাস নাকি দিয়েছিল ৬০ লাখ ইউরোর প্রস্তাব। কিন্তু অ্যাটলেটিকো মিনেইরো রাজি তো হয়ইনি, উল্টো রোনালদিনহোর সঙ্গে চুক্তি নবায়ন করেছে। দুবারের ফিফা বর্ষসেরার সঙ্গে চুক্তির বিস্তারিত কিছুই জানাইনি ব্রাজিলিয়ান ক্লাবটি। ক্লাব সভাপতি আলেজান্দ্রে কালিল পরশু টুইটারে দিয়েছেন শুধু চুক্তি নবায়নের খবর, ‘তার সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছে।’ ওয়েবসাইট।

তোরের ‘হ্যাটট্রিক’
‘হ্যাটট্রিক’ করে ফেললেন ইয়াইয়া তোরে। টানা তিনবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আইভরি কোস্ট ও ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার। নাইজেরিয়ার জন ওবি মিকেল ও স্বদেশি দিদিয়ের দ্রগবাকে পেছনে ফেলে পরশু বাজিমাত করলেন ৩১ বছর বয়সী তোরে। এর আগে এই পুরস্কার জয়ের হ্যাটট্রিক করেছেন ঘানার আবেদি পেলে ও ক্যামেরুনের স্যামুয়েল ইতো। তোরে পুরস্কারটা পেয়েছেন আফ্রিকার জাতীয় দলগুলোর কোচদের ভোটে। রয়টার্স।
ব্রড নেই
অ্যাশেজে ধবলধোলাই হওয়ার যন্ত্রণার ক্ষতে উপশম খুঁজছে ইংল্যান্ড। তাকিয়ে আছে আগামীকাল থেকে শুরু ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের দিকে। তবে প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া সফররত দলটি পাচ্ছে না স্টুয়ার্ট ব্রডকে। ১২ ও ১৭ জানুয়ারি মেলবোর্ন ও ব্রিসবেনে অনুষ্ঠেয় দুটি ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে এই পেসারকে। ওয়েবসাইট।
তবুও ময়েস
নতুন বছরটা দুঃস্বপ্নের মতো শুরু হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। টানা তিন ম্যাচে পরাজিত ডেভিড ময়েসের দল। গত বছরের শেষটাও যে খুব ভালো গেছে তা নয়—ডিসেম্বরে লিগে চার জয়, এক ড্র, ২ পরাজয়। তবু প্রিমিয়ার লিগের ডিসেম্বর মাসের সেরা কোচের তালিকায় মনোনীত হয়েছেন স্কটিশ ডেভিস ময়েস। ডিসেম্বরে অপরাজিত থাকা ম্যান সিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি, চেলসির হোসে মরিনহো এবং এভারটনের রবার্তো মার্টিনেজও আছেন মনোনীত সংক্ষিপ্ত তালিকায়। ওয়েবসাইট।