খেলার খুচরো

রেকর্ড গড়ে...
যা রটে, তার কিছু তো বটে। হুয়ান মাতাকে জড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের গুঞ্জনটা সত্যি হলো পুরোটাই। ক্লাবের সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড গড়েই চেলসির স্প্যানিশ মিডফিল্ডারকে দলে ভেড়াল ইউনাইটেড। বাতাসে ভাসছিল চুক্তিটা হচ্ছে তিন কোটি ৭০ লাখ পাউন্ডের, অঙ্কটা আসলেই তাই। ইউনাইটেডের ইতিহাসে এটিই সবচেয়ে বড় চুক্তি। আগের সর্বোচ্চ চুক্তি ছিল দিমিতার বারবেতভের সঙ্গে (তিন কোটি সাড়ে সাত লাখ পাউন্ড)। গতকালই লন্ডন থেকে ওল্ড ট্রাফোর্ডে এসে স্বাস্থ্যপরীক্ষা সেরে ফেলেছেন স্পেনের ২৫ বছর বয়সী মিডফিল্ডার। ওল্ড ট্রাফোর্ডে নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনেও নেমে পড়তে পারেন আজই। এএফপি।
বায়ার্ন অপরাজিত ৪২
মারিও গোটশে ও টমাস মুলারের গোলে বুন্দেসলিগায় পরশু বরুশিয়া ম’গ্লাডবাখকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ (২-০)। লিগে অপরাজিত থাকার রেকর্ডটাকে ৪২ ম্যাচে নিয়ে গেল জার্মান এই পরাশক্তি। লিগ টেবিলের শুধু শীর্ষেই নয়, ইউরোপ-সেরা বায়ার্ন নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে আছে অনেকটা। ২০১২ সালের অক্টোবর থেকে অপরাজিত বায়ার্নের পয়েন্ট ১৭ ম্যাচে ৪৭। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট দ্বিতীয় স্থানে থাকা বেয়ার লেভারকুসেনের। একটি ম্যাচ বেশি খেলে বরুশিয়া ম’গ্লাডবাখার তৃতীয় স্থানে, পয়েন্ট ৩৩। ওয়েবসাইট।
সাম্প্রাসের দুঃখ
খেলা ছেড়েছেন ২০০২ সালে। গত এক যুগে দর্শক হয়ে আছেন টেনিসে। এই সময়ে টেনিসে এসেছে অনেক পরিবর্তন। কিন্তু সেই সার্ভ আর ভলি কোথায়? পিট সাম্প্রাসের মনে জেগেছে প্রশ্নটা। আগের মতো সার্ভ-ভলির সৌন্দর্য বর্তমান টেনিসে দেখা যায় না বলে অনেক দুঃখ ১৪টি গ্র্যান্ড স্লামের মালিকের। এখনকার খেলার ধরন অনেকটা ‘একে অন্যের দিকে ঢিল ছোড়াছুড়ি’র মতোই লাগছে আমেরিকান টেনিস গ্রেটের, ‘গত ১০ বছরে অবশ্যই খেলায় পরিবর্তন এসেছে। কিন্তু সার্ভ? ভলি? এখন বিলুপ্ত সৌন্দর্য।’ আজ অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ চ্যাম্পিয়নের হাতে ট্রফি তুলে দিতে সাম্প্রাস এখন অস্ট্রেলিয়ায়। নিশ্চয়ই আজকের ফাইনালে দুরন্ত সার্ভ আর ভলি খুঁজে ফিরবে তাঁর চোখ। ওয়েবসাইট।
পোডলস্কির জোড়া গোল
হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে লুকাস পোডলস্কি এখন পুরোপুরিই ফিট। জোড়া গোল করে সেটির প্রমাণও দিলেন। এফএ কাপে পরশু এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল তাই সহজ জয়ই তুলেছে কভেন্ট্রির বিপক্ষে (৪-০)। দলের অন্য দুটি গোল অলিভার জিরু ও সান্তি কাজোরলার। এই জয়ে এফএ কাপের শেষ ষোলোয় পা রাখল আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। কাল লিভারপুল ২-০ গোলে হারিয়েছে বোর্নমথকে। ওয়েবসাইট।
আজ খেলছেন ক্লার্ক
পার্থের চতুর্থ ওয়ানডেতে ডেভিড ওয়ার্নার, ব্র্যাড হাডিনের সঙ্গে একাদশে ছিলেন না অধিনায়ক মাইকেল ক্লার্ক ও শেন ওয়াটসনও। সুযোগটা কাজে লাগিয়ে ইংল্যান্ড তুলে নিয়েছে সফরের প্রথম জয়। তবে আজ অ্যাডিলেডের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ঠিকই ঘুরে দাঁড়াতে চায় অস্ট্রেলিয়া। এ জন্য দলে ফিরিয়ে আনা হয়েছে ক্লার্ক ও ওয়াটসনকে। দক্ষিণ আফ্রিকা সিরিজের কথা ভেবে এই ম্যাচে অবশ্য বিশ্রাম দেওয়া হয়েছে মিচেল জনসনকে। ওয়েবসাইট।