খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যারাডোনার ‘ফেরা’
নাপোলি তাঁর হূদয়ে। প্রিয় সেই ক্লাবের সঙ্গে আবার গাঁটছড়া বাঁধার প্রস্তাব। ডিয়েগো ম্যারাডোনা সানন্দে জানিয়ে দিলেন, নাপোলির প্রস্তাব গ্রহণ করতে তিনি আগ্রহী। অনেক দিন পর ইতালিতে যাওয়া ম্যারাডোনা বুধবার নাপোলির মাঠে বসেই দেখেছেন কোপা ইতালিয়ার সেমিফাইনালটি। ম্যারাডোনাকে ‘ডিয়েগো’ লেখা ১০ নম্বর জার্সিও উপহার দিয়ে নাপোলি সভাপতি অরেলিও ডি লরেন্তিস প্রস্তাব করেন ‘বিশ্বজুড়ে নাপোলির প্রতিনিধিত্ব’ করার। ম্যারাডোনার জবাব, ‘আমরা এ নিয়ে কথা বলতে পারি।’ ওয়েবসাইট।
আর্থারের চাকরি
গত জুলাইয়ে অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন। ইংল্যান্ডের কোচ পদে আবেদন করে বাদ পড়েছেন। তবে ৪৫ বছর বয়সী মিকি আর্থার অন্য একটা চাকরি পেয়ে গেলেন। ক্রিকেটার থেকে হয়েছিলেন ক্রিকেট কোচ। কোচিং করিয়েছেন দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দলের। সেই আর্থার চাকরি নিলেন একটা রাগবি দলের! পার্থেরই একটা রাগবি দলের প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং প্রশিক্ষণ দেওয়াই হবে তাঁর কাজ। আর্থার উচ্ছ্বসিত, ‘এ রকম একটা কর্মসূচিতে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত।’ ওয়েবসাইট।
নিলসেন আর নেই
চলে গেলেন ডেনমার্কের ১৯৯২ ইউরো রূপকথার নায়ক মোলার নিলসেন। ক্যানসারে ভুগেই মারা গেলেন ৭৬ বছর বয়সী সাবেক কোচ। ১৯৯২ ইউরোতে যুগোস্লাভিয়া বাদ দেওয়া হলে কপাল খোলে বাছাইপর্ব না-পেরোনো ডেনমার্কের। সেই ডেনমার্কই হয় চ্যাম্পিয়ন। যেটা এখনো ডেনমার্কের একমাত্র বৈশ্বিক শিরোপা। এএফপি।
দল দিয়েছে হংকংও
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল প্রাথমিক পর্বে বাংলাদেশের গ্রুপসঙ্গী হংকংও। মাত্রই ওয়ানডে মর্যাদা পাওয়া দলটি তিন বছর পর দলে ফিরিয়েছে ৪২ বছর বয়সী সাবেক অধিনায়ক নজিব আমরকে। দলটিকে নেতৃত্ব দেবেন ইংলিশ কাউন্টি দল ওয়ারউইকশায়ারের উইকেটকিপার জেমি অ্যাটকিনসন। ওয়েবসাইট।
হংকং দল: জেমি অ্যাটকিনসন (অধিনায়ক), ওয়াকাস বরকত, মার্ক চ্যাপম্যান, ইরফান আহমেদ, নাদিম আহমেদ, হাসিব আমজাদ, তানভির আফজাল, বাবর হায়াত, নিজাকাত খান, আইজাজ খান, নজিব আমর, মুনির দার, এহসান নেওয়াজ, রয় লামস্যাম, কিঞ্চিত শাহ।
অ্যাটলেটিকোর জরিমানা
জরিমানা হতে পারে, এ আভাস আগেই দিয়ে রেখেছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। কাল আনুষ্ঠানিক ঘোষণাটাও এল। কোপা ডেল রের সেমিফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে লাইটার ছুড়ে মারার ঘটনায় ৬০০ ইউরো জরিমানা গুনতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদকে। গত মঙ্গলবার ভিসেন্তে ক্যালদেরন স্টেডিয়ামে কাণ্ডটি ঘটিয়েছিলেন এক অ্যাটলেটিকো সমর্থক। এএফপি।