খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনচেলত্তির নতুন সিডর্ফ
কার্লো আনচেলত্তি যখন এসি মিলানের কোচ, ক্লারেন্স সিডর্ফ ছিলেন ক্যারিয়ারের সেরা সময়ে। খেলা ছেড়ে দিয়ে সাবেক ডাচ মিডফিল্ডার এখন এসি মিলানেরই কোচ। তবে আনচেলত্তি রিয়াল মাদ্রিদেও পেয়ে গেছেন একজন নতুন সিডর্ফকে—ইসকো। এই মৌসুমেই মালাগা থেকে রিয়ালে আসা ইসকোকে আনচেলত্তি খেলাচ্ছেন আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে। শুরুতে সংগ্রাম করলেও ধীরে ধীরে নতুন ভূমিকায় ইসকো মানিয়ে নিতে শুরু করেছেন। উচ্ছ্বসিত আনচেলত্তি নতুন শিষ্যকে তুলনা করলেন সিডর্ফের সঙ্গে, ‘সিডর্ফ যা করেছে ইসকোও তা করতে পারে।’ ওয়েবসাইট।
চূড়া দেখছে অস্ট্রেলিয়া
২০১৪-১৫ মৌসুম শেষেই টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠবে অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়ারই নিউজ ডট কম ডট এইউয়ের এক প্রতিবেদন অন্তত বলছে সেটাই। অ্যাশেজে ইংল্যান্ডকে ধবলধোলাই এবং এক নম্বর দক্ষিণ আফ্রিকাকে ২-১-এ সিরিজে হারিয়ে র‌্যাঙ্কিংয়ের দুইয়ে উঠেছে অস্ট্রেলিয়া। এখনো অবশ্য দক্ষিণ আফ্রিকা ১২ রেটিং পয়েন্ট এগিয়ে। কিন্তু অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ২০১৫ বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজ। এই দুটি সিরিজ জিতলে নির্দিষ্ট সময়ে নিউজিল্যান্ড বাদে মুখোমুখি হওয়া বাকি সব দেশের সঙ্গেই সিরিজ জেতা হয়ে যাবে। তাছাড়া তখন র‌্যাঙ্কিংয়ের হিসাব থেকে ২০১০-২০১১ মৌসুমে ৩-১-এ অ্যাশেজ হারটা মুছে যাবে! জুলাইয়ে শ্রীলঙ্কার সঙ্গে দক্ষিণ আফ্রিকা হারলে তো সম্ভাবনা আরও উজ্জ্বল হবে। ওয়েবসাইট।