খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের ব্যাটিং-ঝড়
চট্টগ্রাম অফিস  চার-ছক্কার বন্যা বইয়ে ভালোই ব্যাটিং অনুশীলন করে নিল জিম্বাবুয়ে। চট্টগ্রাম দলের বিপক্ষে অনানুষ্ঠানিক টি-টোয়েন্টি ম্যাচে ৬৬ রানের জয়ে বড় ভূমিকা দুই ওপেনার সিবান্দা ও বাটের। বাকিদের ব্যাটিং অনুশীলনের সুযোগ দিতে স্বেচ্ছা অবসরে যাওয়ার আগে সিবান্দা ৪৩ বলে ছয় ছক্কা ও চার বাউন্ডারিতে ৬৭ রান করেন। বাট করেন ৩৩ বলে ৭২ (১১টি চার ও ৩টি ছয়)। অধিনায়ক ব্রেন্ডন টেলরকে শূন্য রানেই ফিরিয়ে দেন রেজাউল। জিম্বাবুয়ের ৪ উইকেটে ২১৮ রানের জবাবে চট্টগ্রাম করতে পারে ৮ উইকেটে ১৫২। সর্বোচ্চ ৪০ রান জাতীয় দলের সাবেক ওপেনার নাজিমউদ্দিনের।
রেডক্রসে লাম
বিশ্বজুড়ে বিভিন্ন দাতব্য সংস্থাকে আর্থিক অনুদান অনেক দিন ধরেই দিয়ে আসছে উয়েফা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এবার আফগানিস্তানের যুদ্ধাহত, শারীরিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়াচ্ছে। রেডক্রসের মাধ্যমে আফগানিস্তানকে এক লাখ ইউরো অনুদান দিচ্ছে উয়েফা। সেই অর্থ তুলে দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার ফিলিপ লামকে। এত ফুটবলার থাকতে লাম কেন? ২০১৩ সালের বর্ষসেরা দল নির্বাচনের সময় উয়েফার ওয়েবসাইট ব্যবহারকারীদের কাছ থেকে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন জার্মান ডিফেন্ডার। লামের চেয়ে যোগ্য লোক আর কে আছে! এএফপি।
নাইজেরিয়ার বোনাস
মাঝে অবস্থা এত বাজে হয়েছিল যে খেলোয়াড়-কোচের বেতনই দিতে পারত না নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)। এ নিয়ে খেলোয়াড়দের আন্দোলন, ধর্মঘট আরও কত কী! সেই ফেডারেশনই কিনা এখন বিশাল অঙ্কের লোভ দেখাচ্ছে ফুটবলারদের। ২০১৪ বিশ্বকাপ জিততে পারলে দলের প্রত্যেক ফুটবলারকে প্রায় এক লাখ ডলার করে বোনাস দেওয়ার প্রস্তাব করেছে এনএফএফ। সেই প্রস্তাব আবার পাঠানো হয়েছে দেশটির সংসদেও। এনএফএফের আশা, এ প্রস্তাব পাস হয়ে যাবে সংসদে। দেখা যাক, বিশাল অর্থের হাতছানি এবার বিশ্বকাপে কত দূর নিয়ে যায় নাইজেরিয়াকে! এএফপি।
চার টেস্ট
দুরন্ত ফাস্ট বোলিং, হার না-মানা মানসিকতা। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ মানেই ক্রিকেটের আদর্শ বিজ্ঞাপন। আগুনের স্ফুলিঙ্গ ঝরা দুই দেশের সেই টেস্ট সিরিজ কেন মাত্র তিন ম্যাচের? চার টেস্টের কেন নয়? প্রশ্নটা উঠেছে অনেক দিন ধরেই। আরেকটি রুদ্ধশ্বাস সিরিজ শেষে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কর্তারাও ভবিষ্যতে চার টেস্টের সিরিজ আয়োজনের ব্যাপারে আলোচনা শুরু করে দিয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি ওয়ালি এডওয়ার্ডস জানাচ্ছেন, ‘আরও বেশি ম্যাচ রাখার বিষয়ে আমরা তাদের সঙ্গে কথা বলছি।’ ওয়েবসাইট।