খেলার খুচরো
কপিলের সম্মাননা
আইসিএল নিয়ে কপিল দেবের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্কটা হয়ে পড়েছিল শীতল। সেটি আবার উষ্ণ হয়ে ওঠার প্রমাণ এই পুরস্কার। বিসিসিআইয়ের আজীবন সম্মাননা ‘সি কে নাইডু’ পুরস্কার পেয়েছেন কপিল। পরশু মুম্বাইয়ে এক অনুষ্ঠানে ভারতের ২১তম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পেলেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক। গত মৌসুমের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অনুষ্ঠানে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কপিলের হাতে তুলে দেন ১৯৮৩ প্রুডেনশিয়াল বিশ্বকাপ ট্রফি। কপিল ধোনির হাতে তুলে দেন ২০১১ আইসিসি বিশ্বকাপ ট্রফি। ওয়েবসাইট।
ফার্গি দায়ী নন
গত মৌসুমে লিগ শিরোপা জয়ী ম্যানচেস্টার ইউনাইটেড এবার ডেভিড ময়েসের হাতে পড়ে খাবি খাচ্ছে। ব্যর্থতার কারণ হিসেবে নিন্দুকেরা অ্যালেক্স ফার্গুসনের স্টেডিয়ামে এসে খেলা দেখাকে দায়ী করছেন! যেন সাবেক গুরুকে গ্যালারিতে দেখে ইউনাইটেডের খেলোয়াড়েরা স্বচ্ছন্দে খেলতে পারছে না! অভিযোগটা উড়িয়েই দিলেন আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার, ‘অ্যালেক্স ফার্গুসন এই ক্লাবটিতে ২৭ বছর ছিল। তাঁর স্টেডিয়ামে আসাটা কোনো সমস্যা নয়।’ ওয়েবসাইট।
বালোতেল্লি বোঝা!
২০১৪ বিশ্বকাপে মারিও বালোতেল্লি ইতালি কোচ সিজারে প্রানদেল্লির আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা! ভুল। কার্লো আনচেলত্তির মতে বালোতেল্লি বরং দলের জন্য বোঝা! রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ বড় উদ্বেগের কারণ মনে করেন জিউসেপ্পে রসির চোটকে। আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিলেন, বিতর্কের শিরোমণি বালোতেল্লি ব্রাজিল বিশ্বকাপে আজ্জুরিদের আস্থা হতে পারবেন না, ‘ইতালির বড় সমস্যা আক্রমণভাগে। আমরা বালোতেল্লির জন্য অপেক্ষা করছি। কিন্তু বালোতেল্লি ধারাবাহিক নয়, আর প্রতিভাবান হলেও আস্থাবান নয়। যেকোনো মুহূর্তে দলকে ১০ জনের দল বানিয়ে ফেলতে পারে।’ ওয়েবসাইট।
হিগুয়েইনের উপলব্ধি
রিয়াল মাদ্রিদ ছেড়ে নাপোলিতে যোগ দেওয়াটা ছিল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। এই উপলব্ধি গুঞ্জালো হিগুয়েইনের নিজেরই! ক্যারিয়ারের ছয় মৌসুম রিয়ালে কাটিয়ে এ মৌসুমেই নাপোলিতে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইতালিয়ান ক্লাবটিতে হিগুয়েইনের সময়টাও দারুণ কাটছে। লিগে ১৬ ম্যাচে করেছেন ৯ গোল। তাই বুক ফুলিয়েই বললেন, ‘আমি আমার সিদ্ধান্তের জন্য গর্বিত। আমি নেপলস এবং এখানকার মানুষকে ভালোবাসি। আমাকে ডিয়েগো ম্যারাডোনার অনুপ্রাণিত করার কিছু ছিল না। সিদ্ধান্তটি একান্তই আমার এবং এ নিয়ে আমার দুঃখ নেই।’ ওয়েবসাইট।