খেলার খুচরো
জানতেন পেলে!
কাল রাতে কার হাতে উঠেছে ফিফা-ব্যালন ডি’অর? উত্তরটা এতক্ষণে সবার জেনে যাওয়ার কথা। তবে পেলে এটা আগেই জানতেন। ব্রাজিলিয়ান কিংবদন্তি পুরস্কার ঘোষণার ২৪ ঘণ্টা আগেই ‘ফাঁস’ করে দিয়েছেন—রোনালদোই পেতে যাচ্ছেন ফিফা-ব্যালন ডি’অর। পরশু জুরিখে সংবাদমাধ্যমের কাছে তাঁর বিশেষ সম্মাননা পাওয়ার কথাও জানিয়েছেন পেলে, ‘আমার সময়ে ব্যালন ডি’অর ছিল না। তাই ফিফা তিনটি বিশ্বকাপজয়ী একমাত্র খেলোয়াড় হিসেবে আমাকে সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে।’ ওয়েবসাইট।
নির্দয় প্রত্যয়
অ্যাশেজে ধবলধোলাই। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও ইংল্যান্ডের শুরুটা হয়েছে পরাজয় দিয়ে। অর্থাৎ চলতি অস্ট্রেলিয়া সফরে টানা ৬ ম্যাচে হেরেছে ইংল্যান্ড। নিষ্পেষিত প্রতিপক্ষকে তবু কোনো ছাড় দিতে চায় না অস্ট্রেলিয়া, ব্যবধান করতে চায় ১৩-০। ওয়ানডে সিরিজ শেষে দুই দল খেলবে ৩টি টি-টোয়েন্টি। ১৩ ম্যাচের সব কটিতেই জয়ের প্রত্যয় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের, ‘আশা করছি চাপটা ধরে রেখে আমরা ১০-০ ব্যবধানে জিততে পারব। জিতব টি-টোয়েন্টি সিরিজটাও।’ ওয়েবসাইট।
ক্লোসার লড়াই
বিশ্বকাপ শুরুর আগে পড়বেন ছত্রিশে। তবু ২০১৪ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন মিরোস্লাভ ক্লোসা! স্বপ্নপূরণের জন্য জোয়াকিম লোর জার্মান দলে জায়গা পেতে লড়তে প্রস্তুত ২০০২, ২০০৬ ও ২০১০ বিশ্বকাপ খেলা ক্লোসা, ‘জানি, বিশ্বকাপ দলে লড়াই করেই জায়গা করে নিতে হবে। কয়টি টুর্নামেন্ট আমি খেলেছি, সেটা বিবেচ্য বিষয় নয়।’ বিশ্বকাপে আর একটি গোল করতে পারলেই ক্লোসা ধরে ফেলবেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের রোনালদোকে (১৫)। ক্লোসার কাছে ওটাও বড় এক প্রেরণা। ওয়েবসাইট।
আর নয়
স্ট্রাইকাররা ধারাবাহিক নন বলে চেলসিকে ভুগতে হচ্ছে। নতুন স্ট্রাইকার কেনার দাবি তুলেছেন সমর্থকেরা। মালিক ধনকুবের, টাকা কোনো সমস্যা নয়। কিন্তু শীতকালীন দলবদল পর্বের দুই সপ্তাহ পার হতে চললেও এ নিয়ে উচ্চবাচ্য নেই চেলসির। উল্টো কোচ হোসে মরিনহো জানিয়ে দিলেন, নতুন কোনো স্ট্রাইকার কেনার পরিকল্পনা নেই। হুয়ান মাতার ওপর যেসব ক্লাব নজর ফেলেছিল, তাদের হতাশ করে চেলসি কোচ এও জানালেন, চেলসিতেই থাকছেন মাতা। ওয়েবসাইট।
কুকদের প্রেরণা
নিজেদের ফিরে পেতে মাঠে যখন লড়ছে বিপর্যস্ত কুকের দল, তখনই তাদের কাছে প্রেরণা হয়ে এল দেশটির মহিলা ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার মেয়েদের হারিয়ে অ্যাশেজ জিতে নিয়েছে সারা টেলর, শার্লট এডওয়ার্ডসরা। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে জয়ের জন্য চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার মেয়েদের দরকার ছিল ১৮৫ রান। কিন্তু ১২৩ রানে অলআউট হয়ে তারা হেরেছে ৬১ রানে। ওয়েবসাইট।
তবুও মেসি
লিওনেল মেসি ব্যালন ডি’অর জিতুন আর না-জিতুন, তাতে কিছুই যায়-আসে না সার্জিও আগুয়েরোর। আর্জেন্টাইন সতীর্থের কাছে মেসি সব সময়ই সেরা, ‘কারও সঙ্গেই মেসির তুলনা চলে না।’ নতুন মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো ভালো খেললেও বন্ধু মেসির প্রতিই পক্ষপাত ম্যারাডোনার সাবেক জামাতার, ‘রোনালদো মাদ্রিদে ভালো খেলেছে, কিন্তু মেসি সব সময়ই তার চেয়ে ভালো। সে যদি বছরে একটা গোল করে তবুও।’ ওয়েবসাইট।