খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেইমারের ভয়
ক্রস করতে গিয়ে হঠাৎই ব্যথায় কাতর হয়ে পড়ে গেলেন টাচলাইনের পাশে। নেইমারের চোটটাকে প্রাথমিকভাবে গুরুতরই মনে হয়েছিল। নেইমার নিজে ভেবেছিলেন, তাঁর বিশ্বকাপই হয়তো শেষ হয়ে গেছে, ‘প্রথম প্রথম আমি মনে করেছিলাম এটা গুরুতর চোট। ২০১৪ বিশ্বকাপ নিয়ে ভাবনায় পড়ে গিয়েছিলাম। উফ্! যা ভয়টা পেয়েছিলাম।’ ভাগ্য ভালো, নেইমারের অ্যাঙ্কলের চোট খুব বড় নয়। তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিল ফরোয়ার্ডকে। ওয়েবসাইট।
চেলসিতে নয়
গত মৌসুমে চেলসিতে যাওয়া নিয়ে গুঞ্জন ছিল। তবে অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে রাদামেল ফ্যালকাও শেষ পর্যন্ত যোগ দিয়েছেন ফরাসি ক্লাব মোনাকোতে। কলম্বিয়ান তারকা বললেন, ভবিষ্যতেও কখনো হোসে মরিনহোর চেলসিতে যোগ দেবেন না, ‘আমি মরিনহোর অধীনে খেলতে চাইব কি না? আমি কখনোই তা ভাবব না।’ মরিনহোর কোচিং-দর্শন তাহলে পছন্দ নয় ফ্যালকাওয়ের? স্কাই স্পোর্ত ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অবশ্যই মরিনহোর প্রশংসাই করেছেন ২৭ বছর বয়সী স্ট্রাইকার। ভবিষ্যতে অবশ্য ইতালিয়ান সিরি ‘আ’তে তাঁর খেলার আশা আছে। ওয়েবসাইট।
মেসি ও পিএসজি
মেসির পেছনে আর দৌড়াবে না পিএসজি (প্যারিস সেন্ট-জার্মেই)। ফরাসি ক্লাবটির কোচ লরাঁ ব্লাঁ সাফ জানিয়ে দিলেন, পিএসজি মেসিকে চায় না। আক্রমণভাগের খেলোয়াড় নয়, দলের শক্তি বাড়াতে পিএসজি নিতে পারে একজন মাঝমাঠের খেলোয়াড়। পিএসজি মেসির জন্য রেকর্ড ২৫ কোটি ইউরো প্রস্তাব করতে রাজি বলেও গুঞ্জন আছে। ব্লাঁ বলছেন, ‘দলবদল বিশ্লেষকেরা এ নিয়ে বলতে পারবেন। আমি জানি মেসি বার্সেলোনায়।’ ওয়েবসাইট।