খেলার খুচরো
উয়েফায় ফার্গুসন
গত মৌসুমে কোচের পদ থেকে অবসর নিলেও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে অ্যালেক্স ফার্গুসনের সম্পর্ক একেবারেই চুকেবুকে যায়নি। পরামর্শক হিসেবে ইংলিশ এই পরাশক্তির প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন। ইউনাইটেডের সাবেক কোচ এবার উয়েফার সঙ্গেও কাজ করবেন। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কোচিং শুভেচ্ছাদূত হচ্ছেন ফার্গি। উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি কাল দিয়েছেন এই খবর, ‘স্যার অ্যালেক্স হবেন এলিট কোচ ফোরামের চেয়ারম্যান, প্রতিবছরই তারা বৈঠক করবে। চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টেকনিক্যাল স্টাডি গ্রুপেরও সদস্য হবেন স্যার অ্যালেক্স।’ এএফপি।
মিলানে এসিয়েন
চেলসি থেকে এসি মিলানে যোগ দিয়েছেন মাইকেল এসিয়েন। কাল সিরি ‘আ’র ক্লাবটি দিয়েছে এই খবর। ক্লারেন্স সিডর্ফ কোচের দায়িত্ব নেওয়ার পর ঘানাইয়ান মিডফিল্ডার এসিয়েনই মিলানে যোগ দেওয়া প্রথম খেলোয়াড়। এদিকে হুয়ান মাতাও ছেড়ে যাচ্ছেন স্টাম্পফোর্ড ব্রিজ। নতুন ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেড। কিছুদিন আগে থেকেই এমন খবর দিয়ে আসছিল ইংল্যান্ডের সংবাদমাধ্যম। কাল চেলসি কোচ হোসে মরিনহোও নিশ্চিত করেছেন, ইউনাইটেডে যাচ্ছেন মাতা। ওয়েবসাইট।
ক্যাপেলোর চুক্তি
রাশিয়া সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল ২০০২ সালে। ১২ বছর পর রাশিয়া ব্রাজিল বিশ্বকাপে খেলছে। সেটি ফ্যাবিও ক্যাপেলোর হাত ধরেই। ৬৭ বছর বয়সী ইতালিয়ান কোচ পুরস্কারটাও পেলেন দ্রুত। ব্রাজিল বিশ্বকাপে তো বটেই; ক্যাপেলো রাশিয়ার কোচ থাকবেন ২০১৮ বিশ্বকাপেও। মানে ঘরের মাঠে বিশ্বকাপ পর্যন্ত ক্যাপেলোর সঙ্গে চুক্তি নবায়ন করেছে রাশিয়ান ফুটবল ইউনিয়ন। ইংল্যান্ডের সাবেক কোচের সঙ্গে রাশিয়ার আগের চুক্তিটি ছিল ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত। আরও চার বছরের চুক্তি মেয়াদ বাড়ানোয় ক্যাপেলো যে খুশি, সেটি না বললেও চলছে। এএফপি।
ইউনাইটেডে মাতা
ইংল্যান্ডের পত্রপত্রিকা আগেই জানিয়েছিল ইউনাইটেডে যাচ্ছেন হুয়ান মাতা। স্টামফোর্ড ব্রিজ ছেড়ে স্প্যানিশ এই মিডফিল্ডারের ইউনাইটেডে যাওয়ার খবরটা এবার দিলেন চেলসি কোচ হোসে মরিনহো। ‘মাতার জন্য রেকর্ড পরিমাণ অর্থ (আনুমানিক ৪ কোটি ৪৬ লাখ ইউরো) দিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। কারণ তারা জানে, তাদের জন্য সে গুরুত্বণপূর্ণ খেলোয়াড় হবে’—কাল লন্ডনে এক সংবাদ সম্মেলনে জানালেন চেলসির পর্তুগিজ কোচ। মাতার চেলসিতে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণাটা কবে আসে এখন এটাই দেখার। ওয়েবসাইট।