খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচক লতিফ
পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক হচ্ছেন রশিদ লতিফ। সাবেক অধিনায়ক স্থলাভিষিক্ত হচ্ছেন অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক আজহার খানের। ৪৫ বছর বয়সী সাবেক উইকেটকিপারকে বাড়তি দায়িত্বও দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দুর্নীতির বিরুদ্ধে সব সময়ই উচ্চকণ্ঠ লতিফকে দুর্নীতিবিরোধী প্রচারণায় প্রশিক্ষণ ও বক্তৃতা দিয়ে সচেতনতা বাড়ানোর। লতিফ দায়িত্ব নেবেন ১ এপ্রিল। এর আগে আমির সোহেলকে প্রধান নির্বাচক করেছিল বরখাস্ত হওয়া জাকা আশরাফের কমিটি। গত ১০ ফেব্রুয়ারি আশরাফকে সরিয়ে নাজাম শেঠিকে আবারও পিসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান করেছে পাকিস্তান সরকার। এএফপি।

নিউইয়র্কে বায়ার্ন
১৯০০ সালে প্রতিষ্ঠার পর ১১৩ বছর ধরে জার্মানিতেই সীমাবদ্ধ ছিল বায়ার্ন মিউনিখ। এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে প্রথম শাখা অফিস খুলতে যাচ্ছে জার্মান ক্লাবটি। নিউইয়র্কের ম্যানহাটনে অফিসটি উদ্বোধন করা হবে আগামী ১ এপ্রিল। বাণিজ্যিক ফুটবলের এই যুগে উত্তর আমেরিকার বাজার ধরতেই বায়ার্নের এই উদ্যোগ। শুরুতে অফিসটি পরিচালনার দায়িত্বে থাকবেন তিনজন। জুলাইয়ের পর পেপ গার্দিওলার দল নিউইয়র্ক ও পোর্টল্যান্ডে অন্তত দুটি ও আগস্টে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল অল স্টারের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলবে। এএফপি।

ফাইনালে দক্ষিণ আফ্রিকা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। কাল দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকান তরুণেরা ৮০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ক্লাইড ফোরটানের ৭৪ রানের ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে করে ২৩০ রান। জবাবে পেসার কাগিসো রাবাদার তোপের মুখে অস্ট্রেলিয়া অলআউট ১৫০ রানেই। রাবাদা একাই নিয়েছেন ৬ উইকেট। ম্যাচ-সেরাও তিনিই। ১ মার্চের ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ পাকিস্তান। ক্রিকইনফো।

ইউসেবিওর পর কোলুনা
গত ৫ জানুয়ারি লোকান্তরিত হয়েছেন ইউসেবিও। এবার চলে গেলেন ইউসেবিওর কীর্তি-ভাস্বর ১৯৬৬ বিশ্বকাপে তৃতীয় হওয়া পর্তুগালের অধিনায়ক মারিও কোলুনাও। ইউসেবিওর মতো কোলুনারও জন্ম তৎকালীন পর্তুগিজ উপনিবেশ মোজাম্বিকে। মোজাম্বিকের রাজধানী মাপুতোতেই ৭৮ বছর বয়সে কোলুনা মারা গেলেন ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে। ইউসেবিও-কোলুনা বেনফিকা ও পর্তুগাল জাতীয় দলে একসঙ্গে খেলেছেন অনেক দিন। এএফপি।

দর্শককে নিষিদ্ধ
গত সপ্তাহে মারা গেছেন হামবুর্গের সাবেক ফিজিওথেরাপিস্ট হারমান রাইগার। তাঁর স্মরণে গত শনিবার হামবুর্গ-ডর্টমুন্ডের ম্যাচ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। ঠিক তখনই এক দর্শক তাঁর রাজনৈতিক দর্শন প্রকাশ করেন ‘সিয়েগ হেইল’ চিৎকারে। এটা হলো হিটলারের নাৎসি পার্টির সম্ভাষণ, অর্থ ‘আমরা জিতেছি’ বা ‘আপনাকে সর্বোচ্চ অভিনন্দন’। হামবুর্গ জার্মানির সব স্টেডিয়ামেই তাঁকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে। নিজেদের মাঠে ডর্টমুন্ড তাঁকে নিষিদ্ধ করেছে ২০২০ সাল পর্যন্ত। এএফপি।