খেলার খুচরো
তুরস্কের ক্রীড়ামন্ত্রীও
গোল উদ্যাপনে প্রয়াত বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলাকে শ্রদ্ধা জানানোয় নিষেধাজ্ঞার হুমকি! টুইটারে চলছে সমালোচনার ঝড়। দিদিয়ের দ্রগবা ও তাঁর ক্লাব সতীর্থ স্বদেশি এমানুয়েল ইবোকে শাস্তির হুমকি দেওয়ায় তুরস্কের ফুটবল ফেডারেশনের সমালোচনা করলেন দেশটির ক্রীড়ামন্ত্রী সুয়াত কিলিকও। সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে কিলিক বলেছেন, ‘আমি মনে করি না, বিদেশে তুরস্কের ভাবমূর্তি এবং দুই ফুটবলারের স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে এটা সুস্থ কোনো উপায়।’ ম্যান্ডেলাকে শ্রদ্ধা জানাতে গত শুক্রবার জার্সির নিচে ‘ধন্যবাদ মাদিবা’ লেখা টি-শার্ট পরে খেলতে নামেন দ্রগবা। গোল করেই দ্রগবা ক্লাব গ্যালাতাসারাইয়ের জার্সিটা খুলে ফেলেন। সতীর্থ ইবোও অনুসরণ করেন তাঁকে। এএফপি।
টেস্টের মধ্যে পরীক্ষা
গত মাসে মুম্বাই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দুই বোলার শিলিংফোর্ড ও স্যামুয়েলসের বোলিং অ্যাকশনের পাশে পড়েছে লাল দাগ। নিয়ম অনুযায়ী রিপোর্ট হওয়ার ১৪ দিনের মধ্যে আইসিসির নিরপেক্ষ কমিশনের কাছে অভিযুক্ত বোলারদের পরীক্ষা দেওয়ার কথা। সেই হিসেবে শিলিংফোর্ড-স্যামুয়েলসের পরীক্ষার তারিখ আজ ভোরে শুরু হওয়া ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন! পরীক্ষা হবে অস্ট্রেলিয়ায়, তাঁরা খেলছেন নিউজিল্যান্ডে। ওয়েস্ট ইন্ডিজ কোচ ওটিস গিবসন বলছেন, এটা অন্যায়। ওয়েস্ট ইন্ডিজ আইসিসির কাছে তারিখটা টেস্টের পরে নির্ধারণ করার আবেদন করেছে। আইসিসি তারিখ কি পেছাবে? এএফপি।

ফ্রান্সের বর্ষসেরা
ইউরোপের বর্ষসেরা হয়েছেন। আছেন ফিফা ব্যালন ডি’অরের তিনজনের সংক্ষিপ্ত তালিকায়ও। তার আগে আরও একটা পুরস্কার জিতে নিলেন ফ্রাঙ্ক রিবেরি। তৃতীয়বারের মতো ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার। এর আগে ২০০৭ ও ২০০৮ সালেও ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের দেওয়া এই পুরস্কার জিতেছেন রিবেরি। থিয়েরি অঁরি সর্বোচ্চ পাঁচবার জিতেছেন এই পুরস্কার। কাল পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় গত মৌসুমে বায়ার্নকে ট্রেবল জেতানো ৩০ বছর বয়সী রিবেরি বললেন, ‘এখন আমার লক্ষ্য থিয়েরি অঁরির রেকর্ড।’ ওয়েবসাইট।
বর্ষসেরা বোল্ট-ফ্রেসার
কদিন আগে উসাইন বোল্ট ও শেলি-অ্যান ফ্রেসার জিতে নিয়েছেন আইএএএফের বর্ষসেরা পুরুষ ও মহিলা অ্যাথলেটের পুরস্কার। জ্যামাইকান স্প্রিন্ট জুটি এবার ২০১৩ সালের জ্যামাইকান অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরুষ ও নারী অ্যাথলেট নির্বাচিত হয়েছেন। গতকাল দেওয়া হয়েছে এই পুরস্কার। বাণিজ্যিক চুক্তির কারণে বোল্ট অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। গত বছরও পুরস্কারটা পেয়েছিলেন এই দুজন। জ্যামাইকার বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার পাওয়ার দৌড়েও ফেবারিট তাঁরাই। এএফপি।